১০৪ বছরের সেরা দিন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উৎসবের আবহ আছে। আছে দারুণ এক উদ্বোধনী অনুষ্ঠান ও আয়োজনের সফলতার তৃপ্তি। কিন্তু তার পরও একটা খামতি ছিল স্বাগতিকদের। মাঠের সাফল্য ধরা দিচ্ছিল না তা প্রত্যাশিতভাবে। সেই আক্ষেপ অনেকটা ঘুচে গেল এক দিনেই। শুধু পরশুই এসেছে ৬টি সোনা আর ১টি রুপা—১৯০৮ অলিম্পিকের পর এক দিনে এত সাফল্যের দেখা আর পায়নি গ্রেট ব্রিটেন।দিনের সাফল্যের শুরু ডরনি লেকে। রোয়িংয়ে ছেলেদের কক্সলেস ফোরে টানা চতুর্থ সোনা জিতল ব্রিটেন। কিছুক্ষণ পরই রোয়িংয়ে আরেকটি সোনা এল মেয়েদের লাইটওয়েট ডাবল স্কালসে। একই ইভেন্টে ব্রিটেনের ছেলেরা জিতল রুপা। ভেলোড্রামে সোনা এল ছেলেদের টিম পারস্যুটে। অসাধারণ দিনটিকে পূর্ণতা দিয়েছে অ্যাথলেটিকসের চমকপ্রদ সাফল্য। লংজাম্পের সোনা জিতলেন গ্রেগ রাদারফোর্ড, ছেলেদের ১০ হাজার মিটারে মোহাম্মদ ফারাহ আর মেয়েদের হেপ্টাথলনে জেসিকা এনিস। অলিম্পিক অ্যাথলেটিকস ইতিহাসে এক দিনে তিন সোনা আগে পায়নি ব্রিটেন। এককভাবে আলোটা বেশি কেড়ে নিয়েছেন এনিস। প্রত্যাশার চাপটাও সবচেয়ে বেশি ছিল ২৬ বছর বয়সী এই হেপ্টাথলেটের ওপর! চীনে যেমন লিউ শিয়াং, ব্রিটেনে অনেকটাই তেমনি এনিস। তুমুল জনপ্রিয়তার জন্য কখনো তাঁকে বলা হয় ব্রিটেনের ‘ডার্লিং’, কখনো ‘পোস্টার গার্ল।’ চোটের কারণে বেইজিংয়ে অংশ নিতে পারেননি। কিন্তু গত চার বছরে প্রায় প্রতিটি মুহূর্তে তাঁকে মনে করিয়ে দেওয়া হয়েছে মানুষের প্রত্যাশার কথা। ৩৮ প্রতিপক্ষের সঙ্গে সেই পাহাড়সমান চাপকেও জয় করে ব্রিটিশদের হূদয়ে জায়গা আরও পাকা করে নিলেন এনিস।একজন অ্যাথলেটের অলরাউন্ড প্রতিভা আর সামর্থ্যের সর্বোচ্চ পরীক্ষা এই হেপ্টাথলন। ১০০ মিটার হার্ডলস, হাইজাম্প, শটপুট, ২০০ মিটার দৌড়, লংজাম্প, জ্যাভিলন থ্রো ও ৮০০ মিটার দৌড়—এই সাত ইভেন্টের উৎকর্ষতায় জয়-পরাজয়ের মীমাংসা হয়। তিনটিতেই সর্বোচ্চ পয়েন্ট ছিল এনিসের, সব মিলিয়ে পেয়েছেন ৬৯৫৫ পয়েন্ট।১০ হাজার মিটারে ফারাহ ফেবারিটই ছিলেন। প্রত্যাশার চাপ জয় করতে হয়েছে তাঁকেও। তবে রাদারফোর্ডের জয়টা ছিল বড় বিস্ময়। বড় কোনো প্রতিযোগিতায় কখনোই সোনা জিততে পারেননি আগে, গত কমনওয়েলথ গেমসের রুপাই ছিল সেরা সাফল্য। হ্যামস্ট্রিং চোটের সঙ্গেও করতে হয়েছে দীর্ঘ লড়াই। পরশু দ্বিতীয় লাফে অতিক্রম করলেন ৮.৩১ মিটার, সোনা এল তাতেই। এএফপি, রয়টার্স।