১০৮ বছরের অপেক্ষার পর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রিটেনের ১০৮ বছরের অপেক্ষা ফুরোনোর পর হুইটলক। ছবি: রয়টার্স
ব্রিটেনের ১০৮ বছরের অপেক্ষা ফুরোনোর পর হুইটলক। ছবি: রয়টার্স

৪৪ বছর পর কোনো জিমন্যাস্ট হিসেবে টানা দুই অলিম্পিকের অল-রাউন্ড সোনা জিতলেন কোহেই উচিমুরা। কিন্তু ব্রিটিশ সংবাদমাধ্যম সব পড়ে আছে ব্রোঞ্জজয়ী ম্যাক্স হুইটলককে নিয়ে! একজন ব্রিটিশ পদক জেতার পর একটু আদিখ্যেতা দেখা যেতেই পারে। তবে হুইটলককে নিয়ে আলোচনা একটু বেশিই হচ্ছিল। ব্রিটিশদের শতাব্দী পুরোনো এক দুঃখ যে ঘুচালেন এই জিমন্যাস্ট।
১৯০৮ লন্ডন অলিম্পিকে জিমন্যাস্টিকের অল-রাউন্ডে রুপা জিতেছিলেন ওয়াল্টার টাইসল। এরপর এক শতাব্দী পেরিয়ে গেছে, কিন্তু এ কীর্তি আর কোনো ব্রিটিশ করে দেখাতে পারেননি। অলিম্পিক জিমন্যাস্টিকের এই ইভেন্টে পদক সব সময়ই অধরা রয়ে গেছে, তা সে ব্রোঞ্জই হোক না কেন। ছেলেদের আর্টিস্টিক জিমন্যাস্টিকের এই ইভেন্টে, যেখানে ৬টি ভিন্ন ভিন্ন স্কিলের পরীক্ষা দিতে হয়, ব্রিটেনের কোনো প্রতিযোগী কখনো আলো ছড়াতে পারেননি। হুইটলকের আবির্ভাবের আগে। তাঁর হাত ধরেই ব্রিটেনের ১০৮ বছরের অপেক্ষার শেষ হলো কাল।

অবশ্য ব্রিটেনের অনেক দিনের দুঃখ ঘোচানোটা অভ্যাসই হয়ে গেছে হুইটলকের। ২০১২ লন্ডন অলিম্পিকেই ছেলেদের দলগত ইভেন্টে ব্রোঞ্জ পেয়েছিল ব্রিটেন। ১৯১২ স্টকহোম অলিম্পিকেই সর্বশেষ দল হিসেবে এই ইভেন্টে কোনো পদক (ব্রোঞ্জ) পেয়েছিল ব্রিটেন। হুইটলক ও তাঁর দলে সেবার ১০০ বছরের অপেক্ষার শেষ করেছিলেন। কে জানে সে ঘটনা থেকেই সাহস নিয়েই হয়তো এবার আরও পুরোনো এক ইতিহাস ভাঙায় নজর দিলেন হুইটলক।