১০৯ রানের লিড বাংলাদেশের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জিম্বাবুয়ে সফরের প্রথম টেস্টে লজ্জাজনক হারের পর দ্বিতীয় টেস্টে ভালোভাবেই ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। রবিউল ইসলাম ও সোহাগ গাজীর দুর্দান্ত বোলিংয়ে জিম্বাবুয়েকে ২৮২ রানেই আটকে দিয়েছে মুশফিক বাহিনী। প্রথম ইনিংসে ১০৯ রানের লিড নিয়ে আজ তৃতীয় দিনে শক্ত অবস্থানই তৈরি করেছে সফরকারী বাংলাদেশ। রবিউল পাঁচটি ও সোহাগ গাজী চারটি উইকেট পেয়েছেন। জিম্বাবুয়ের পক্ষে সর্বোচ্চ ৮৬ রানের ইনিংসটি এসেছে এলটন চিগুম্বুরার ব্যাট থেকে। ৪ উইকেটে ১৫৮ রান নিয়ে আজ তৃতীয় দিনের খেলা শুরু করেছিল জিম্বাবুয়ে। দিনের চতুর্থ ওভারেই ওয়ালারকে সাজঘরে ফিরিয়ে শুরুটা ভালোভাবেই করেছিল বাংলাদেশ। ৩২ রান করা ওয়ালারের উইকেটটি পেয়েছেন সোহাগ গাজী। ষষ্ঠ উইকেটে ৮৫ রানের জুটি গড়ে বেশ দ্রুতগতিতে রান সংগ্রহ করছিলেন রিচমন্ড মুতুম্বানি ও চিগুম্বুরা। জিম্বাবুয়ের সংগ্রহ দাঁড়িয়েছিল ২৪৮ রান। এই পর্যায়ে জিম্বাবুয়ে শিবিরে বড়সড় আঘাত হানেন রবিউল ইসলাম। টানা দুই ওভারে মুতুম্বানি ও চিগুম্বুরার উইকেট তুলে নেন এই ডানহাতি পেসার। ৪২ রান করে আউট হন মুতুম্বানি। ৮৬ রানের দ্রুতগতির এক ইনিংস খেলে ফিরে যান চিগুম্বুরা। এরপর খুব বেশিক্ষণ উইকেটে থাকতে পারেননি কেগান মেথ। তিনি ফিরেছেন সোহাগ গাজীর শিকারে পরিণত হয়ে। বাকি দুইটি উইকেট তুলে নিতেও খুব বেশি ঘাম ঝড়াতে হয়নি বাংলাদেশকে। টানা দুই ওভারে মাসাকাদজা ও জারভিসকে সাজঘরমুখী করেন রবিউল ও সোহাগ গাজী।এর আগে প্রথম ইনিংসে ৩৯১ রান করেছে বাংলাদেশ।