নাভ্রাতিলোভার ৯/১১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রুটিনমাফিক ম্যামোগ্রাম করছিলেন গত ফেব্রুয়ারিতে। সেটির পরই হু হু কান্নায় ভেঙে পড়েন। আশা করেছিলেন, হয়তো পরবর্তী পরীক্ষা-নিরীক্ষায় আশঙ্কা ভুল প্রমাণিত হবে। কিন্তু সুখবর পাননি। মার্টিনা নাভ্রাতিলোভা স্তন ক্যানসারে আক্রান্ত। এককে ১৮ এবং দ্বৈতে রেকর্ড ৩১টি গ্র্যান্ড স্লাম জেতা টেনিসের এই জীবন্ত কিংবদন্তি পরশু নিজেই জানিয়েছেন মন খারাপ করা এই খবর।খবরটা শুনে ৫৩ বছর বয়সীর যে অনুভূতি হয়েছিল, সেটি বোঝাতে আশ্রয় নিয়েছেন উপমার, ‘আমি পুরোপুরি ভেঙে পড়েছিলাম। মনে হয়েছিল, এটি আমার জীবনের ব্যক্তিগত ৯/১১। আমি জীবনে কখনোই খুব একটা অসুখবিসুখে ভুগিনি। একদিন হঠাৎ জানলাম, আমার ক্যানসার। ভেবে দেখুন অবস্থাটা!’পরে চিকিৎসকেরা সুখবরই দিয়েছেন। প্রাথমিক পর্যায়েই ধরা পড়েছে বলে ভয়ের কোনো কারণ নেই। অস্ত্রোপচার করে আক্রান্ত কোষগুলো সরিয়ে ফেলা হয়েছে। আগামী মাস থেকে ছয় সপ্তাহের রেডিয়েশন থেরাপি নিতে হবে তাঁকে। ‘আমি এখন সুস্থ। পুরোপুরি সেরে উঠব নিশ্চয়ই’—বলেছেন নাভ্রাতিলোভা। চিকিৎসকেরাও বলেছেন, নিয়মিত ম্যামোগ্রাম (স্তন ক্যানসার পরীক্ষার পদ্ধতি) করার যে অভ্যাস ছিল, সেটিই বাঁচিয়ে দিয়েছে তাঁকে।প্রথমে খবরটা চেপে রেখেছিলেন। কিন্তু পরে ভেবে দেখলেন, বিশ্বের নারীদের ম্যামোগ্রামে উদ্ধুদ্ধ করতে খবরটা দেওয়া দরকার, ‘যত দ্রুত আপনি এটি শনাক্ত করবেন, ততই মঙ্গল। তাই ম্যামোগ্রাম করতে ভুলবেন না। জানি এখন সবার অনেক ব্যস্ততা। কিন্তু এ নিয়ে কোনো অজুহাত চলে না। আমি স্বাস্থ্যের এত যত্ন নেওয়ার পরও আমার এই রোগ হলো। আর এক বছর পর ধরা পড়লে তো বড় সমস্যাতেই পড়ে যেতাম।’ এএফপি।