১১ ঘণ্টা ৫ মিনিটের এক ম্যাচ!
কী বলবেন একে? অবিশ্বাস্য! অবিশ্বাস্য তো বটেই। ১১ ঘণ্টা ৫ মিনিট লাগল একটা টেনিস ম্যাচের মীমাংসা হতে। উইম্বলডনে যুক্তরাষ্ট্রের জন ইসনার ও ফ্রান্সের নিকোলাস মাহুত টেনিস ইতিহাসের দীর্ঘতম এই ম্যাচটি খেলতে শুরু করেছিলেন গত পরশু। কাল সেটি যখন শেষ হলো, স্কোরলাইন বলছে—৬-৪, ৩-৬, ৬-৭ (৭/৯), ৭-৬ (৭/৩), ৭০-৬৮ গেমে জিতেছেন ইসনার। কিন্তু আসলে তো এই ম্যাচে দুজনই জয়ী! ইসনার আর মাহুতের সঙ্গে অল ইংল্যান্ড ক্লাবের এক কোণে পড়ে থাকা ১৮ নম্বর কোর্টটিও ঢুকে গেছে ইতিহাসে।টেনিসে শেষ সেটে কোনো টাইব্রেকার হয় না। জিততে হয় কমপক্ষে দুই গেমে এগিয়ে গিয়ে। এ কারণেই ম্যাচটি এমন ম্যারাথন রূপ পেল। রেকর্ড বইয়েও বোধ হয় হয়ে গেল চিরস্থায়ীও।পরশু উইম্বলডনে এই দুজনের প্রথম রাউন্ডের ম্যাচটি শুরু হয়েছিল স্থানীয় সময় দুপুর ১২টায়, খেলা যখন পঞ্চম সেটে গড়িয়ে ৫৯-৫৯ গেমে সমতা, তখন বাজে রাত ১০টা। ম্যাচের ফলাফল মীমাংসা হয়নি তখনো, আলোকস্বল্পতার কারণে স্থগিত করা হয় দিনের খেলা। এরপর কাল আবারও শুরু হয় ম্যাচ।অনেক রেকর্ডের এক ম্যাচ শেষে ইসনার বললেন, ‘আমি একটু ক্লান্ত। কিন্তু যখন আপনি এ রকম একটা ম্যাচ খেলবেন, এমন পরিবেশে, তখন ক্লান্ত লাগলেও তা মনে হবে না। যদিও দুজন সত্যিই ক্লান্ত ছিলাম।’টেনিস ইতিহাসে এর আগের দীর্ঘতম ম্যাচটি খেলেছিলেন ফাব্রিচ সানতোরো ও আর্নদ ক্লেমেন্তে। ২০০৪ ফ্রেঞ্চ ওপেনে প্রথম রাউন্ডের ওই ম্যাচটি শেষ হয়েছিল ৬ ঘণ্টা ৩৩ মিনিট পর। এর আগে উইম্বলডনে দীর্ঘতম ম্যাচটি খেলেছিলেন পাঞ্চো গনজালেস ও চারিলি প্যাসারেল। ১৯৬৯ সালে ৫ ঘণ্টা ১২ মিনিটের ওই ম্যাচে জিতেছিলেন গনজালেস। এএফপি, ওয়েবসাইট।