সাইক্লিংয়ে টানা তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন, জিতেছেন ট্যুর ডি ফ্রান্সও। এবার একটু অন্যভাবে একটি অলিম্পিক পদকও যোগ হয়ে গেল মাইকেল রজার্সের ট্রফি ক্যাবিনেটে। ২০০৪ অলিম্পিকে সাইক্লিংয়ে চতুর্থ হয়েও ব্রোঞ্জ পদক পেয়েছেন অস্ট্রেলিয়ান সাইক্লিস্ট! ১১ বছর পর গত সোমবার আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) প্রধান কার্যালয়ে পদকটি তুলে দেওয়া হয় রজার্সের হাতে। অবাক হচ্ছেন? গত বছরে পাস হওয়া আইওসির ‘এজেন্ডা ২০২০’-এর সুবিধা নিয়েই এই পদক পাচ্ছেন রজার্স। এথেন্সের ওই অলিম্পিকে সাইক্লিংয়ে চতুর্থ হয়ে খালি হাতেই বাড়ি ফিরেছিলেন। সোনাজয়ী টাইলার হ্যামিলটন অলিম্পিক চলাকালেই ডোপিংয়ের রক্ত পরীক্ষায় পজিটিভ হন। তখনো সোনার পদকটিতে অধিকার থাকে হ্যামিলটনেরই, কারণ দুর্ঘটনাক্রমে তাঁর ‘বি’ নমুনাটি নষ্ট হয়ে গিয়েছিল রেফ্রিজারেটরে। কিন্তু তিন বছর আগে আইওসি তাঁর কাছ থেকে পদকটি কেড়ে নেয়। আর গত বছর ‘শুদ্ধ’ খেলোয়াড়দের পদক দেওয়ার সিদ্ধান্তেই রজার্সের ভাগ্যে শিকে ছিঁড়ল। চার থেকে তিনে উন্নীত হয়ে পেলেন ব্রোঞ্জ। রয়টার্স।