১১ বছর পর আবার...
১১ বছর আগে আসামে হয়েছিল প্রথম দক্ষিণ এশীয় বাস্কেটবল চ্যাম্পিয়নশিপ। এরপর আর কোনো খোঁজ নেই। প্রায় এক যুগ পর দ্বিতীয় আসর বসছে ঢাকায়। ধানমন্ডি উডেনফ্লোর বাস্কেটবল জিমনেসিয়ামে আগামীকাল শুরু পাঁচ দিনের এই প্রতিযোগিতা সাফ গেমসের বাইরে বাংলাদেশে বাস্কেটবলের সবচেয়ে বড় আসর।সার্কভুক্ত সব কটি দেশকে আমন্ত্রণ জানানো হলেও এতে অংশ নিচ্ছে না ভারত, শ্রীলঙ্কা ও আফগানিস্তান। তাই পাকিস্তান, নেপাল, ভুটান, মালদ্বীপ ও স্বাগতিক বাংলাদেশকে নিয়েই করতে হচ্ছে এই আয়োজন। খেলা হবে লিগ পদ্ধতিতে। সব ম্যাচ সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই। একই সময়ে ঘরোয়া ও অন্যান্য আন্তর্জাতিক টুর্নামেন্টে ব্যস্ত থাকার কারণে ভারত অংশ নিতে অপারগতা প্রকাশ করেছে বলে জানালেন ফেডারেশনের সাধারণ সম্পাদক লে. কমান্ডার এ কে সরকার (অব.)। তার পরও টুর্নামেন্ট জমবে বলেই প্রত্যাশা তাঁর, ‘ভারত না খেললেও আশা করি প্রতিযোগিতাটা জমজমাটই হবে। আমরা শেষ মুহূর্ত পর্যন্ত ভারতের জন্য অপেক্ষা করেছি।’ আর্থিক কারণেই যে শ্রীলঙ্কা ও আফগানিস্তান দল পাঠাতে পারেনি, সেটিও জানা গেল তাঁর কাছ থেকে।ঢাকায় সর্বশেষ আন্তর্জাতিক বাস্কেটবল টুর্নামেন্ট হয়েছিল ২০১১ সালের জুলাইতে। সেবার শেখ কামাল আন্তর্জাতিক বাস্কেটবলে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। তবে ওই টুর্নামেন্টে জাতীয় দলের মোড়কে খেলেছিল ভারত ও মালয়েশিয়ার যুবদল। এবার অংশ নেবে পাঁচটি দেশেরই জাতীয় দল। প্রস্তুতির অংশ হিসেবে এরই মধ্যে এক মাসের অনুশীলন ক্যাম্প করেছে বাংলাদেশ দল। লক্ষ্যটাও সবচেয়ে বড় অর্জনের দিকেই। কোচ মাহতাবুর রহমান চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যের কথা বললেও বড় বাধাটার কথাও জানেন, ‘শুধু পাকিস্তানকেই আমরা ভয় পাচ্ছি। এর আগে কখনো পাকিস্তানকে হারাতে পারিনি। তবে অন্য দলগুলোর বিপক্ষে যেহেতু জিতেছি, আশা করছি এবারও কোনো সমস্যা হবে না।’এই টুর্নামেন্টের পৃষ্ঠপোষক মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান সিটিসেল। কাল অলিম্পিক ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে ফেডারেশনের কর্মকর্তাদের সঙ্গে উপস্থিত ছিলেন সিটিসেলের জনসংযোগ প্রধান তাসলিম আহমেদও।