১১ বছর পর...
অবশেষে বরফ খণ্ড গলছে। আর তা গলতে সময় লাগল দীর্ঘ ১১ বছর! এই বরফ খণ্ড নিউজিল্যান্ড ও জিম্বাবুয়ের মধ্যকার সম্পর্কের ‘শীতলতার’ বরফ খণ্ড।রবার্ট মুগাবে সরকারের ‘মানবতাবিরোধী’ কর্মকাণ্ডের প্রতিবাদে জিম্বাবুয়ে ক্রিকেট দলের ওপর দেশে প্রবেশের নিষেধাজ্ঞা আরোপ করেছিল নিউজিল্যান্ড সরকার। নিউজিল্যান্ড সরকার সেই নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দেওয়ায় আগামী বছরের শুরুতে প্রায় ১১ বছর পর নিউজিল্যান্ড সফরের অনুমতি পাচ্ছে জিম্বাবুয়ে দল। নিউজিল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী মারে ম্যাককুলি আজ রোববার এটি নিশ্চিত করেছেন।তিনি বলেছেন, মুগাবে সরকারের মানবতাবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে জিম্বাবুয়ে ক্রিকেট দলের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হয়েছে।ম্যাককুলি জানান, সরকারের সিদ্ধান্ত নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডকে জানিয়ে দেওয়া হয়েছে। তবে সিদ্ধান্তটি ‘শর্তযুক্ত’। জিম্বাবুয়ের পরিস্থিতি সন্তোষজনক মনে না হলে আবারও নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে।পিটিআই জানায়, দুদেশের ক্রিকেটীয় সম্পর্ক পুনরুজ্জীবিত করতে প্রথম পদক্ষেপ নেবে নিউজিল্যান্ড। পরিকল্পনা অনুযায়ী, চলতি বছরের অক্টোবরেই জিম্বাবুয়ে সফরে যাবে কিউই দল। এটি হবে ২০০৫ সালের পর নিউজিল্যান্ডের প্রথম জিম্বাবুয়ে সফর। আর জিম্বাবুয়ে নিউজিল্যান্ড সফরে আসবে ২০১২ সালের শুরুতে। ওয়েবসাইট।