১১ বছরের অপেক্ষা ঘোচালেন সেরেনা

সেরেনা উইলিয়ামসের হাতে ফ্রেঞ্চ ওপেনের শিরোপাটা উঠেছিল ১১ বছর আগে, ২০০২ সালে। তারপর ১১টি গ্র্যান্ডস্ল্যাম জিতলেও কোনো এক দুর্বোধ্য কারণে ফ্রেঞ্চ ওপেনটা আর জেতা হয়নি টেনিস র্যাঙ্কিংয়ের শীর্ষ এই তারকার। অবশেষে সেই ১১ বছরের অপেক্ষার অবসান হলো আজ। মারিয়া শারাপোভাকে ৬-৪, ৬-৪ গেমে হারিয়ে শিরোপা জিতলেন ৩১ বছর বয়সী সেরেনা। গড়লেন সবচেয়ে বেশি বয়সে ফ্রেঞ্চ ওপেন জয়ের নতুন রেকর্ড।পরিসংখ্যানের বিচারে আজকের ফাইনালে সেরেনাই ছিলেন ফেবারিট। ২০০৪ সালের পর কখনোই সেরেনাকে হারাতে পারেননি শারাপোভা। আজকের আগে মোট ১৫টি ম্যাচে মুখোমুখি লড়াইয়ে সেরেনাই জিতেছিলেন ১৩টিতে। আজও সেই জয়ের ধারাবাহিকতা অব্যাহত রাখতে পেরেছেন এই আমেরিকান টেনিস তারকা। তার পরও সাম্প্রতিক সময়ের ভালো ফর্ম আর গতবারের ফ্রেঞ্চ ওপেন জয়ের আত্মবিশ্বাস নিয়েই কোর্টে নেমেছিলেন শারাপোভা। স্বপ্ন ছিল, টানা দ্বিতীয়বারের মতো এই শিরোপাটি হাতে তোলার। কিন্তু শেষ রক্ষা হয়নি। পৌনে দুই ঘণ্টার লড়াইয়ে আরও একবার হার মেনেছেন সেরেনার কাছে। এখন শারাপোভার দৃষ্টি আগামী আসরের দিকে। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রাশিয়ান এই তারকা বলেছেন, ‘সেরেনা পুরো টুর্নামেন্টেই দারুণ খেলেছেন। তাঁকে অভিনন্দন। এই কোর্টটা আমাকে অনেক সুন্দর স্মৃতি উপহার দিয়েছে। গত বছরটা ছিল সত্যিই বিশেষ কিছু। আগামী বছর আবার ফিরে আসব এখানে আর শিরোপা জয়ের চেষ্টা করব।’
অন্যদিকে ফ্রেঞ্চ ওপেন জয়ের জন্য ১১ বছরের অপেক্ষা ঘোচানোটাকে বিস্ময়কর বলে আখ্যায়িত করেছেন সেরেনা। আবার ফিরে আসার প্রত্যয়ও ব্যক্ত করেছেন তিনি। বলেছেন, ‘আমার জন্য কাজটা সত্যিই খুব কঠিন ছিল। ১১ বছর পর এই শিরোপা জিততে পারাটা সত্যিই বিস্ময়কর। দর্শকদের অনেক ধন্যবাদ। আমি এখানে আগামী বছরও ফিরে আসব। চেষ্টা করব শিরোপা জেতার।’— রয়টার্স