১১ মাসের অপেক্ষা...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হঠাৎই যেন থেমে গেল সবকিছু। গত একটা মাস ক্রিকেট মাতিয়ে রেখেছিল গোটা দেশকে, হঠাৎই সেই আয়োজন শেষ। বিশ্বকাপ বা এশিয়া কাপের মতো বড় আসর না হলেও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্ট, পাঁচ ওয়ানডে আর এক টি-টোয়েন্টির সিরিজে উৎসব কোনো অংশে কম হলো না। সাফল্যের ভেলায় ভাসা বাংলাদেশের ক্রিকেট যেন আরেকবার নতুন করে চিনল নিজেকে।জানুয়ারিতে বিপিএল হওয়ার কথা। বিদেশি খেলোয়াড়েরা খেললেও এই বিপিএল ঘরোয়া ক্রিকেটেরই একটা আসর। আইসিসির ভবিষ্যৎ সফর পরিকল্পনা অনুযায়ী দেশের মাটিতে আরেকটি আন্তর্জাতিক সিরিজের জন্য বাংলাদেশকে অপেক্ষা করতে হবে আগামী বছরের অক্টোবর পর্যন্ত। ২০১৩ সালের অক্টোবরে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড। এর আগ পর্যন্ত আর বাংলাদেশের দর্শকদের আন্তর্জাতিক ক্রিকেট দেখার কোনো সুযোগ নেই।তবে এ সময়ে বাংলাদেশ দল আন্তর্জাতিক ক্রিকেট খেলবে বিদেশে। আগামী ১ মার্চ দুই টেস্ট আর তিন ওয়ানডের সিরিজ খেলতে বাংলাদেশ দল এক মাসের সফরে যাবে শ্রীলঙ্কায়। সেখান থেকে ফিরেই জিম্বাবুয়ে সফর। দুই টেস্ট, তিন ওয়ানডে আর দুটি টি-টোয়েন্টির সিরিজ খেলতে বাংলাদেশ দলের জিম্বাবুয়ে যাওয়ার কথা এপ্রিলের ৭ বা ৮ তারিখে।দেশের মাটিতে আন্তর্জাতিক সিরিজ খেলায় লম্বা বিরতি পড়লেও সময়টা সুখময় স্মৃতি রোমন্থনে পার করে দিতে অনেক কিছুই দিয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ। প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৫৫৬ রান করে জয়ের স্বপ্ন দেখা, আবুল হাসানের সেঞ্চুরির সৌজন্যে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসেও ভালো একটা সংগ্রহ। টেস্ট সিরিজে আরও ভালো কিছুর প্রত্যাশা জাগিয়েও তা না পাওয়ার হতাশা আছে। তবে ওয়ানডে সিরিজ জয় ভুলিয়ে দিয়েছে সব দুঃখ। টি-টোয়েন্টিটা জিততে পারলে শেষটা ভালো হওয়ার আনন্দও যোগ হতো। সেটি হয়নি, তবে টি-টোয়েন্টির বিশ্ব চ্যাম্পিয়নদেরও জিততে ভালোই ঘাম ঝরাতে হয়েছে।সব মিলিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজটি স্মরণীয়ই হয়ে থাকবে। দর্শকদের অবশ্য আক্ষেপ হতেই পারে, দেশের মাটিতে আবার বাংলাদেশ দলের খেলা দেখতে যে অপেক্ষায় থাকতে হবে প্রায় ১১ মাস!