১১/১১১
সাঈদ আজমলের সৌজন্যে টেস্ট ইতিহাসে যুক্ত হলো একটি ‘একমাত্র’। টেস্টে পাঁচটি ‘১’ পাশাপাশি এই প্রথম, ১১১ রানে ১১ উইকেট নেই আর কারও। ১/১১১ অবশ্য আছে ১৮টি, ২/২২২ আছে ২টি!এর বাইরেও রেকর্ড বইয়ের আরও কিছু পাতায় লেখা হয়েছে পাকিস্তানি অফ স্পিনারের নাম। একসময়ের পেস-স্বর্গ ওয়েস্ট ইন্ডিজে ৬৩ বছর পর ১০ উইকেট পেলেন কোনো স্পিনার। ১৯৪৮ সালে ত্রিনিদাদে ২২৯ রানে ১১ উইকেট পেয়েছিলেন ইংলিশ লেগ স্পিনার গ্রেভিল স্টিভেন্স, ১৯৩০ সালে ক্যারিবিয়ান লেগ স্পিনার উইলফ ফার্গুসন (১০/১৯৫)। ক্যারিবিয়ানে কোনো স্পিনারের ম্যাচসেরা বোলিং তাই অনায়াসেই আজমলের। পাঁচ বছর পর টেস্টে কোনো পাকিস্তানি বোলারের ১০ উইকেটের কীর্তিও। সর্বশেষ ২০০৬ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ক্যান্ডিতে ৭১ রানে ১১ উইকেট পেয়েছিলেন মোহাম্মদ আসিফ। পাকিস্তানি কোনো স্পিনারের সর্বশেষ ১০ উইকেট আরও দেড় বছর আগে। ২০০৪ সালের অক্টোবরে করাচিতে শ্রীলঙ্কার বিপক্ষেই দানিশ কানেরিয়ার ১৯০ রানে ১০ উইকেট।২০১০ সালের ১৪ মে—টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠতে শেষ ওভারে অস্ট্রেলিয়ার প্রয়োজন ছিল ১৮। মাইক হাসির ঝড়ে আজমলের প্রথম ৫ বলেই এসেছিল ২৩! এক বছর পর ঠিক ওই দিনেই গড়লেন ইতিহাস। ‘১৪ মে’ মানে আজমলের কাছে এখন শুধু আর দুঃসহ স্মৃতি নয়, অনাবিল আনন্দও!