১১৬ রানের বড় জয় ইংল্যান্ডের
বড় জয় দিয়ে ফেভারিটের মতোই টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করেছে ইংল্যান্ড। আফগানিস্তানের বিপক্ষে তারা পেয়েছে ১১৬ রানের বড় ব্যবধানের জয়। ইংল্যান্ডের ছুঁড়ে দেওয়া ১৯৭ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে ৮০ রানেই শেষ হয়েছে আফগানিস্তানের ইনিংস। দলের চরম ব্যাটিং বিপর্যয়ের মধ্যেও ৪৪ রানের চমত্কার এক ইনিংস খেলেছেন গুলবদন নাইব। তিনি ছাড়া আর কোন আফগান ব্যাটসম্যানই পেরোতে পারেননি দুই অঙ্কের কোটা।ইংল্যান্ডের ছুঁড়ে দেওয়া ১৯৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ের শিকার হয় আফগানিস্তান। মাত্র ২৬ রান জমা করতেই আটটি উইকেট হারিয়েছিল আফগানরা। টি-টোয়েন্টি ক্রিকেটের সর্বনিম্ন সংগ্রহের নতুন রেকর্ড আজকের ম্যাচেই হতে যাচ্ছে, এমনটাই হয়তো ধরে নিয়েছিলেন অনেকে। কিন্তু নবম উইকেটে ৪৪ রানের জুটি গড়ে আফগানিস্তানকে লজ্জাজনক পরিস্থিতির হাত থেকে উদ্ধার করেন গুলবদন নাইব ও শাপুর জডরান। মূলত গুলবদন নাইবের ৩২ বলে ৪৪ রানের লড়াকু ইনিংসটির সুবাদেই সর্বনিম্ন সংগ্রহের নতুন রেকর্ড গড়ার লজ্জা এড়াতে পেরেছে আফগানিস্তান। ২০০৮ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে কেনিয়ার করা ৬৭ রানটাই থাকছে টি-টোয়েন্টি ক্রিকেটের সর্বনিম্ন সংগ্রহ হিসেবে। ইংল্যান্ডের পক্ষে দুইটি করে উইকেট পেয়েছেন জেড ডার্নব্যাচ, স্টুয়ার্ট ব্রড, সামিত পাটেল ও গ্রায়েম সোয়ান।এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে শুরুটা অবশ্য ভালোভাবে করতে পারেনি ইংল্যান্ড। প্রথম ওভারে স্কোর বোর্ডে কোনো রান জমা না হতেই সাজঘরে ফিরে যান ওপেনার ক্রেইগ কেইসওয়েটার। দ্বিতীয় উইকেটে ৬৯ রানের জুটি গড়ে প্রাথমিক ধাক্কাটা সামাল দেন অ্যালেক্স হালেক্স ও লুক রাইট। দশম ওভারে ৩১ রান করে রানআউটের ফাঁদে পড়েন হালেক্স। তবে এই উইকেট পতনটাও খুব একটা স্বস্তি এনে দিতে পারেনি আফগান শিবিরে। কারণ তৃতীয় উইকেটে আবার ৭২ রানের জুটি গড়ে আফগানিস্তানের বোলারদের তটস্থ করে রেখেছিলেন লুক রাইট ও ইয়ন মরগান। ১৭তম ওভারে বল করতে এসে টানা দুই ওভারে মরগান ও জস বাটলারের উইকেট তুলে নেন ইজাতুল্লাহ দৌলতজাই। কিন্তু ১৯তম ওভারটিতে তাঁর বলেই সংগ্রহটা অনেক বড় করে ফেলেন ইংলিশ ব্যাটসম্যানরা। ডানহাতি এই পেসারের এক ওভারেই ৩২ রান নেন রাইট ও বেয়ারস্ট্রো। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১৯৬ রান সংগ্রহ করে ইংল্যান্ড।