১২ জানুয়ারি থেকে বিসিএল
ডিসেম্বরের শেষ দিকে শুরু হতে পারে বলে একটি গুঞ্জন ছিল। তখন না হলেও ঠিকই মাঠে গড়াচ্ছে বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল)। ১২ জানুয়ারি থেকে শুরু হচ্ছে দীর্ঘ পরিসরের ম্যাচের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্টের দ্বিতীয় আসর। প্রথম ধাপে ২১ জানুয়ারি পর্যন্ত প্রথম দুই রাউন্ডের খেলা হবে বিকেএসপিতে। এরপর শ্রীলঙ্কার বাংলাদেশ সফর, এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বিরতি। পরবর্তী রাউন্ডগুলো ও ফাইনাল হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর। দেশের দ্বিতীয় প্রথম শ্রেণীর টুর্নামেন্টের প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছিল ওয়ালটন মধ্যাঞ্চল।
পরবর্তী রাউন্ড ও ফাইনাল এত পরে কেন হবে, তা নিয়ে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরীর ব্যাখ্যা, ‘যেহেতু শীর্ষ কিছু নির্দিষ্ট ক্রিকেটার এই টুর্নামেন্টে খেলতে পারেন, ফ্র্যাঞ্চাইজি প্রতিনিধিরা তাই অনুরোধ করেছিলেন যেন জাতীয় ক্রিকেটারদের উপস্থিতি নিশ্চিত করা হয়। এ জন্যই তৃতীয় রাউন্ড ও ফাইনাল উপযুক্ত একটি সময়ে হবে যখন শীর্ষ ক্রিকেটারদের পাওয়া যাবে।’