১২ ম্যাচ নিষিদ্ধ বার্টন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উচিত শাস্তিটাই পেলেন কুইন্স পার্ক রেঞ্জার্সের মাথা গরম অধিনায়ক জোয়ি বার্টন। ১২ ম্যাচের জন্য নিষিদ্ধ তো হয়েছেনই, ৭৫ হাজার পাউন্ড জরিমানাও গুনতে হবে ২৯ বছর বয়সী এই ফুটবলারকে। ইংলিশ প্রিমিয়ার লিগের শেষ দিনে ম্যানচেস্টার সিটির কার্লোস তেভেজকে কনুইয়ের গুঁতোয় আহত করে লাল কার্ড দেখেন। এরপর যা করেন, সেটা অভাবনীয়। সার্জিও আগুয়েরোকে হাঁটু দিয়ে দেন ঘা, চেষ্টা করেন সিটি অধিনায়ক ভিনসেন্ট কম্পানিকে ঢুস মারার। লাল কার্ডের জন্য চার ম্যাচ ও পরের ঘটনাবলির জন্য আট, মোট ১২ ম্যাচের শাস্তি দিয়েছে এফএ। পূর্ণ তদন্তের পরই দেওয়া হয়েছে এ শাস্তি।তবে বার্টন এ রকম শাস্তি আগেও পেয়েছেন। সিটিতে থাকতে ২০০৭ সালেও একবার ১২ ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছিলেন। সেবারের অপরাধটা ছিল আরও বড়। অনুশীলনের সময় সতীর্থ উসমান দাবোকে এমন পিটুনি দিয়েছিলেন যে বেচারাকে হাসপাতালেই যেতে হয়েছিল। বার্টনের তখন চার মাসের স্থগিত জেলও হয়েছিল। পরের বছর আবার ছয় মাসের জেল, এবারও মারামারির জন্য। এ ছাড়া অসংখ্যবার ঝামেলায় জড়িয়েছেন ক্যারিয়ারের শুরু থেকেই। এএফপি।