১২৬ দিনে মাত্র ৪৮ ম্যাচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক মাস ১৭ দিনের বিরতির পর আজ আবার মাঠে গড়াচ্ছে বাংলাদেশ লিগ। লিগে এটি ছিল বৃহত্তম বিরতি। আগের বিরতিটা ১ মাস ১২ দিনের। সব মিলিয়ে ১২৬ দিন বয়সী লিগ মাঠের বাইরে ছিল তিন মাস! এটিকে অনায়াসে এখন ‘বিরতি লিগ’ নাম দেওয়া যেতে পারে!১৩ দলের লিগে প্রতি দল খেলবে ২৪টি করে ম্যাচ। ১৫৬টি ম্যাচের মধ্যে শেষ হয়েছে মাত্র ৪৮টি, যা মোট ম্যাচের মাত্র ৩০ শতাংশ। গত ২৫ অক্টোবর লিগ শুরু হয়ে খেলা হয়েছে টানা ৭ নভেম্বর পর্যন্ত। সাফ ফুটবলের বিরতি শেষে লিগ মাঠে ফেরে ১৯ ডিসেম্বর। ১১ জানুয়ারি পর্যন্ত খেলা হলো। এরপর এসএ গেমস ও এএফসি চ্যালেঞ্জ কাপের জন্য ওই দীর্ঘ ১ মাস ১৭ দিনের বিরতি। আয়োজক বাফুফে বলছে, এখন থেকে একটানা চালিয়ে লিগ শেষ করা হবে। তবে কাছাকাছি সময়ে জাতীয় দলের খেলা পড়ে গেলে আবার বিরতি নেমে আসতে পারে। এপ্রিল-মে মাসে ২০১২ সালের এএফসি চ্যালেঞ্জ কাপের বাছাইপর্ব হওয়ার সম্ভাবনা আছে। বাংলাদেশ দল তাতে অংশ নিলে আবার একটা বিরতি দিতে হবে! তবে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন বলেছেন, ‘এরপর আর লম্বা বিরতি দেওয়া হবে না লিগে।’এখন পর্যন্ত খেলা হয়েছে ৮ রাউন্ড। এর মধ্যে উল্লেখযোগ্য তথ্য, দুই প্রধান আবাহনী ও মোহামেডান কোনো পয়েন্ট হারায়নি। ১৯ মার্চ আবাহনী-মোহামেডান লড়াই। সেদিনই তাদের আসল পরীক্ষা।আজ আবাহনীর সামনে ক্ষয়িষ্ণু শক্তির ব্রাদার্স। কাল মোহামেডানের সামনে শেখ রাসেল। পয়েন্ট তালিকায় দুই প্রধানের চেয়ে মাত্র দুই পয়েন্ট কম নিয়ে রাসেল আছে তৃতীয় স্থানে। এখন পর্যন্ত ত্রিমুখী লড়াই হচ্ছে। তবে রাসেল শেষ পর্যন্ত লড়াইয়ে থাকতে পারে কি না, এ নিয়ে সংশয় থাকছে। বিরতির সময় ক্যাম্প চালু থাকলেও পুরোদমে অনুশীলন হয়নি কোনো দলেরই। খেলোয়াড়েরা জাতীয় দলের ক্যাম্পে চলে যাওয়ায় বাকিদের নিয়ে ঢিলেঢালা অনুশীলনই হয়েছে এই সময়ে। তবে দুই প্রধানেরই দাবি, প্রস্তুতিতে তাদের সমস্যা হয়নি। এবং দুই প্রধানের জন্য সবচেয়ে ভালো দিক, বিদেশিরা কিন্তু এই সময়ে দলের সঙ্গেই ছিল।আবাহনী কোচ অমলেশ সেন বললেন, ‘আমাদের অনুশীলন ঠিকমতোই হয়েছে মাঝের বিরতিতে। রহমতগঞ্জের সঙ্গে একটা অনুশীলন ম্যাচও খেলেছি আমরা (০-০)। লম্বা বিরতি থাকলে একটু সমস্যা হয়ই, তবে অনুশীলন ঘাটতি না থাকায় আশা করি পূর্ণ্যোদমেই মাঠে নামতে পারব আমরা।’মোহামেডান কোচ মারুফুল হকের কথা, ‘প্রস্তুতি খারাপ নয়। লম্বা বিরতি পড়ে গেলে কিছুটা ব্যাঘাত হতেই পারে। জাতীয় দলের খেলোয়াড়দের তো এই সময়ে পাওয়া যায়নি। তবে আশা করি এসব কোনো সমস্যা হবে না। মোহামেডানকে মোহামেডানের মতোই দেখা যাবে মাঠে।’মাঝারি ও ছোট দলগুলোর সমস্যাটা বেশি ছিল বিরতির সময়। আর্থিক সংকটে ঠিকমতো ক্যাম্পই হয়নি অনেক দলের। এই দলগুলোর পক্ষে এখন খেলোয়াড়দের পুরো ফিটনেস এনে মাঠে নামা বেশ কষ্টকরই।সন্ধ্যায় খেলা দিলে দর্শক আসে, কর্তাদের এই দাবির অসারতা অতীতে প্রমাণিত হলেও সেই একই ধুয়া তুলে আবারও ফ্লাড লাইটের আলোয় খেলা দেওয়া হয়েছে। বিদ্যুতের সাশ্রয়ের কথা যখন সবখানে, তখন কৃত্রিম আলোয় সন্ধ্যা ছয়টায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে খেলা চালানোর বিলাসিতা দেখানো হচ্ছে আবারও।