১২৮ রানে এগিয়ে ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেষ উইকেটে ১৯৮ রানের জুটি গড়ে মাঠ ছেড়েছেন জেমস অ্যান্ডারসন ও জো রুট। ছবি: রয়টার্স
শেষ উইকেটে ১৯৮ রানের জুটি গড়ে মাঠ ছেড়েছেন জেমস অ্যান্ডারসন ও জো রুট। ছবি: রয়টার্স

৩৯ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসের শুরুটা ভালোভাবেই করেছিল ভারত। ৪৯ রানের মাথায় শিখর ধাওয়ানের উইকেট হারালেও দ্বিতীয় উইকেটে ৯১ রানের জুটি গড়ে বেশ ভালোমতোই এগিয়ে যাচ্ছিলেন মুরলি বিজয় ও চেতেশ্বর পুজারা। কিন্তু আজ চতুর্থ দিনের শেষপর্যায়ে এই দুজনের উইকেট হারিয়ে কিছুটা চাপের মুখেই পড়ে গেছে ভারত। পরপর দুই ওভারে বিজয় (৫২) ও পুজারাকে (৫৫) সাজঘরে ফিরিয়েছেন মইন আলি ও লিয়াম প্লানকেট। চতুর্থ দিন শেষে তিন উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ ১৬৭ রান। উইকেটে আছেন বিরাট কোহলি ও আজিনকা রেহানে।

ভারতের মতো ইংল্যান্ডও চমক দেখিয়েছে শেষ উইকেটে। প্রথম ইনিংসে শেষ উইকেট জুটিতে ১১১ রান যোগ করেছিলেন ভুবনেশ্বর কুমার ও মোহাম্মদ সামি। আজ ইংল্যান্ডের শেষ উইকেট জুটি থেকে এসেছে ১৯৮ রান। একই টেস্টে দুই ইনিংসের শেষ উইকেট জুটিতে শতাধিক রানের ঘটনা ঘটেছে এবারই প্রথমবারের মতো।
৯ উইকেটে ৩৫২ রান নিয়ে আজ চতুর্থ দিনের ব্যাটিং শুরু করেছিল স্বাগতিক ইংল্যান্ড। খুব দ্রুতই হয়তো শেষ উইকেটটি তুলে নিয়ে ব্যাটিংয়ে নামার পরিকল্পনা করেছিলেন ভারতের ক্রিকেটাররা। কিন্তু আজ দিনের অর্ধেকটা সময়ই উইকেটে টিকে ছিলেন ইংল্যান্ডের শেষ দুই ব্যাটসম্যান জো রুট ও জেমস অ্যান্ডারসন। শেষপর্যন্ত ৮১ রান করে আউট হয়েছেন অ্যান্ডারসন। রুট অপরাজিত ছিলেন ১৫৪ রান করে। প্রথম ইনিংসে ইংল্যান্ডের স্কোরবোর্ডে জমা হয়েছে ৪৯৬ রান। ভারতের পক্ষে ৮২ রানের বিনিময়ে পাঁচটি উইকেট নিয়েছেন ভুবনেশ্বর কুমার।
মুরলি বিজয়ের শতকে ভর করে ভারত প্রথম ইনিংসে সংগ্রহ করেছিল ৪৫৭ রান।