১২৮ রানেই গুটিয়ে গেল পাকিস্তান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের বিপক্ষে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের অন্যতম আকর্ষণীয় ম্যাচে ব্যাট হাতে ভালো পারফরমেন্স দেখাতে পারেনি পাকিস্তান। দুই বল বাকি থাকতেই ১২৮ রানে গুটিয়ে গেছে পাকিস্তান ইনিংস। দলের পক্ষে সর্বোচ্চ ২৮ রান করেছেন শোয়েব মালিক। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন পাকিস্তানি অধিনায়ক মোহাম্মদ হাফিজ। ব্যাট করতে নেমে প্রথম পাঁচ ওভারের মধ্যে মাত্র ৩৫ রান সংগ্রহ করতেই সাজঘরে ফেরেন ইমরান নাজির ও শহীদ আফ্রিদি। এরপর বল হাতে নিয়ে টানা দুই ওভারে নাসির জামশেদ ও কামরান আকমলকে আউট করে পাকিস্তানকে চাপের মুখে ফেলে দেন যুবরাজ সিং। ১০ম ওভারে অধিনায়ক মোহাম্মদ হাফিজকেও সাজঘরমুখী করেছেন বিরাট কোহলি। ষষ্ঠ উইকেটে ৪৭ রানের জুটি গড়ে পাকিস্তানের সংগ্রহটা সম্মানজনক অবস্থানে নিয়ে যান শোয়েব মালিক ও উমর আকমল। ১৬তম ওভারে শোয়েব মালিককে আউট করে এই জুটি ভাঙ্গেন রবীচন্দ্রন অশ্বিন। এরপর আর কোন প্রতিরোধ গড়তে পারেননি পাকিস্তানি ব্যাটসম্যানরা। শেষপর্যায়ে উমর গুলের ১০ রানের সুবাদে স্কোরবোর্ডে ১২৮ রান যোগ করে পাকিস্তান।সেমিফাইনালে যাওয়ার স্বপ্ন বাঁচিয়ে রাখতে আজ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে জিততেই হবে ভারতকে। অন্যদিকে সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২ উইকেটের জয় পাওয়ায় কিছুটা ভালো অবস্থানে আছে পাকিস্তান। আজ জিতলেই সেমিফাইনালের টিকিটটা প্রায় নিশ্চিতই হয়ে যাবে তাদের।