১৩ হাজার কোটি টাকার বিনিময়ে পাওয়া যে ফাইনাল
সময়টা ২০১১ সালের সেপ্টেম্বর।
বিশ্ব ফুটবলে তখন বার্সেলোনার রাজত্ব। ম্যানচেস্টার ইউনাইটেডও পিছিয়ে নেই খুব একটা। পরাশক্তিদের কাতারে রয়েছে চেলসি, বায়ার্ন মিউনিখ, রিয়াল মাদ্রিদ, বরুসিয়া ডর্টমুন্ড ও ম্যানচেস্টার সিটিও। এমন সময় খবর এল, ফুটবলের কুলীনকুলে যোগ দেওয়ার জন্য ভালোবাসার শহর প্যারিস থেকে উত্থান ঘটছে এক ক্লাবের। নাম তার পিএসজি।
এই নয় বছরে ঘরোয়া বিভিন্ন প্রতিযোগিতায় নিজেদের প্রশ্নাতীত আধিপত্য প্রতিষ্ঠা করেছে প্যারিসের এই ক্লাব। ইব্রা-কাভানি-লুইজদের হাত ধরে পিএসজিকে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাটন এখন কিলিয়ান এমবাপ্পে, নেইমার, অ্যাঙ্গেল ডি মারিয়াদের হাতে। বছরের পর বছর ঘরোয়া প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব কায়েম হলেও একটা অতৃপ্তি ছিলই। ঘরে সেরা হলেও ইউরোপে সেরা হওয়া হচ্ছিল না পিএসজির। মালিকানা বদলের পর এই সময়টায় একে একে চেলসি, বায়ার্ন মিউনিখ, রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, লিভারপুলকে ইউরোপসেরা হতেই দেখেছে। ওদিকে নিজেরা বারবার আটকে গেছে বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, চেলসি, ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেডের মতো দলগুলোর কাছে।
এই নয় বছরে দলবদল বাবদ প্রায় ১৩ হাজার কোটি টাকা খরচ করেছে পিএসজি। একেবারে নিখুঁত হিসাবে বললে—এক হাজার ৩০৪ মিলিয়ন ইউরো বা ১৩ হাজার ১৬৯ কোটি টাকা। দেদারসে টাকা খরচ করেও এর আগে কোয়ার্টার ফাইনালের গণ্ডি কখনই পেরোতে পারেনি দলটা। ঘরোয়া প্রতিযোগিতায় আধিপত্য দেখালেও ইব্রাহিমোভিচ, কাভানি, লুইজদের আক্ষেপ এই এক জায়গাতেই ছিল।
সেই আক্ষেপ এত কাল পর ঘোচালেন নেইমাররা। কোয়ার্টার তো বটেই, সেমিফাইনাল টপকে পিএসজি এখন ফাইনালে। চ্যাম্পিয়নস লিগ শিরোপা আর নেইমারদের মধ্যে এখন মাত্র একটা ম্যাচের ব্যবধান। ব্যবধানটা ঘোচাতে পারলেই অবশেষে ইউরোপসেরার তকমা পাবে পিএসজি।
যে তকমাটার জন্য তাঁরা অপেক্ষা করছে নয় বছর ধরে।