১৩টি দল ও একটি রেকর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সতীর্থরা উঁচিয়ে ধরেছেন ফন্টেইনকে, নাকি তাঁর কীর্তিই তাঁকে তুলে ধরেছে অনেক উঁচুতে!
সতীর্থরা উঁচিয়ে ধরেছেন ফন্টেইনকে, নাকি তাঁর কীর্তিই তাঁকে তুলে ধরেছে অনেক উঁচুতে!

‘১৩’ সংখ্যাকে অনেকেই অপয়ার প্রতীক বলেই মনে করেন। কিন্তু ১৩ যে বসুধায় অনেক সুন্দর, শুভ ও অমর কীর্তির জন্ম দিয়েছে, তা কী জানা আছে?
যে ক্রীড়াযজ্ঞটি আজ সবচেয়ে আকর্ষণীয়, যে ক্রীড়াযজ্ঞকে বলা হয় ‘গ্রেটেস্ট শো অন আর্থ’, সেই বিশ্বকাপ ফুটবল কিন্তু শুরু হয়েছিল ১৩ সংখ্যা দিয়েই। ১৯৩০ সালে উরুগুয়েতে অনুষ্ঠিত প্রথম বিশ্বকাপে অংশ নিয়েছিল ১৩টি দল। এর মধ্যে সাতটি ছিল দক্ষিণ আমেরিকার, চারটি ইউরোপের ও দুটি উত্তর আমেরিকার। বিশ্বকাপ শুরুও হয়েছিল ১৩ জুলাই থেকে। শেষ হয়েছিল ৩০ জুলাই।
এবার একটি অবিনশ্বর কীর্তির গল্প—যেটির সঙ্গেও জড়িয়ে রয়েছে ১৩। একটি মাত্র বিশ্বকাপ খেলার সৌভাগ্য হয়েছিল জাঁ ফন্টেইনের, সেটি ১৯৫৮ সালের বিশ্বকাপ ফুটবল। তাও আবার ‘অপয়া’ ১৩ নম্বর জার্সি গায়ে। বিশ্বকাপের আগে কে জানত—এ ১৩ সংখ্যাটিই বিরাট সৌভাগ্য বয়ে আনবে তাঁর জন্য! ওই বিশ্বকাপে ছয় ম্যাচে ১৩ গোল করেছিলেন ফন্টেইন।
তবে অনেকে মনে করেন, ১৯৫৮ সালের বিশ্বকাপকে ফুটবল ইতিহাস মনে রেখেছে পেলে নামের ১৭ বছর বয়সী এক ব্রাজিলিয়ান জাদুকরের আবির্ভাবে। তবে সেমিফাইনালে পেলের হ্যাটট্রিক ফ্রান্সের বিশ্বকাপ শেষ না করে দিলে সেটি পরিচিতি পেত ‘ফন্টেইনের বিশ্বকাপ’ বলেও।

এক বিশ্বকাপে সবচেয়ে বেশি গোল করার এ রেকর্ড আর কেউ ভাঙতে পারবে কি না—তা নিয়ে রয়েছে ঘোর সংশয়। কেন? এরপর অনুষ্ঠিত হয়েছে ১৩টি বিশ্বকাপ। এ বিশ্বকাপগুলো মাতিয়েছেন পেলে, ম্যারাডোনা, বেকেনবাওয়ার, রোনালদোর মতো কিংবদন্তিরা। কিন্তু কেউ কি এক বিশ্বকাপে এত গোল করতে পেরেছেন?

বিশ্বকাপে সবচেয়ে বেশি গোলের মালিক রোনালদো, ১৫টি গোল করেছেন তিন বিশ্বকাপ খেলে। ফন্টেইন বোধ হয় যথার্থই বলেছিলেন, ‘মনে হচ্ছে, এ রেকর্ডটা কবরেও আমার সঙ্গী হবে।’