১৩২ দিন পর জিতল ইংল্যান্ড!

খুব বেশি দিন নয়। গত বছরের সেপ্টেম্বরের ১৪ তারিখ। তার পরও ইংল্যান্ডের নিশ্চয়ই মনে হচ্ছে ক-ত দি-ন পর! কত যুগ পরে যেন ভুলে যাওয়া জয়ের স্বাদ পেল তারা। আজ পার্থে সিরিজের চতুর্থ ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে হারিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে টানা নয় ম্যাচ হেরে যাওয়ার পর জয়ের মুখ দেখল অ্যালিস্টার কুকের দল।
প্রথমে ব্যাটিং করতে নেমে ৮ উইকেটে ৩১৬ রান তুলেছিল ইংল্যান্ড। তার পরও হয়তো ভরসা পাচ্ছিল না। ভরসা পাচ্ছিল না ভেঙে খানখান হয়ে যাওয়া আত্মবিশ্বাসের কারণে। অ্যারন ফিঞ্চের তৃতীয় ওয়ানডে সেঞ্চুরির সৌজন্যে ভালোই পাল্টা জবাব দিচ্ছিল অস্ট্রেলিয়া। ৩১ ওভার শেষে ১৬৯ রান তুলেও ফেলেছিল। শেষ ১৯ ওভারে ১৪৮ রান দরকার ছিল তাঁদের। হাতে ৭ উইকেটে রেখে ওভারপিছু তুলতে হতো ৭.৭৮।
কিন্তু ১৫ রানের মধ্যে উইকেটে থাকা স্মিথ আর ফিঞ্চকে তুলে নিয়ে অস্ট্রেলিয়াকে চাপে ফেলে দেয় ইংল্যান্ড। ষষ্ঠ উইকেটে ম্যাক্সওয়েল আর ক্রিস্টিয়ান ৩৩ রানের ছোট একটা জুটি গড়লেও এরপর ২৫ রানের মধ্যে ম্যাক্সওয়েল, ফকনার, জনসন ও ক্রিস্টিয়ানকে তুলে নিয়ে অস্ট্রেলিয়ার শেষ আশাও শেষ করে দেয় ইংল্যান্ড। এই চার উইকেটের তিনটিই তুলে নিয়েছেন বেন স্টোকস।শেষ ব্যাটসম্যান প্যাটিনসনকে ব্রেসনান নিজের তৃতীয় শিকার বানালে ৪৭.৪ ওভারে ২৫৯ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। ৫৭ রানের সান্ত্বনার জয় পায় টেস্টের পর ওয়ানডে সিরিজও হেরে বসা ইংল্যান্ড। সান্ত্বনার জয়, কিন্তু ইংল্যান্ডের জন্য এর মাহাত্ম্য নিশ্চয়ই অন্য রকম। এবারের অস্ট্রেলিয়া সফরে কেবল একটা প্রস্তুতি ম্যাচ ছাড়া জয় শব্দটা যে মরীচিকা হয়ে ছিল তাদের জন্য।
অনেক দিন পর ইংল্যান্ডের বোলিং আর ব্যাটিং একসঙ্গে জ্বলে উঠল। টসে হেরে ব্যাট করতে নেমে অ্যালিস্টার কুক আর ইয়ান বেল এনে দিয়েছিলেন দারুণ শুরু। উদ্বোধনী জুটিতেই ৮৭ রান। ১৩তম ওভারে কুক (৪৫) সাজঘরে ফিরলেও দ্রুতগতিতেই রান সংগ্রহ করে যাচ্ছিলেন বেল ও বেন স্টোকস। কিন্তু ২২তম ওভারে বেল (৫৫) আউট হয়ে যাওয়ার পর খানিকটা কমে যায় ইংল্যান্ডের রান সংগ্রহের গতি। তৃতীয় উইকেটে ১২ ওভার ব্যাটিং করে ৫২ রানের জুটি গড়েছিলেন স্টোকস ও গ্যারি ব্যালান্স।
৩৪ থেকে ৩৯—এই ছয় ওভারের মধ্যেই ইংল্যান্ড হারায় ব্যালান্স (১৮), স্টোকস (৭০) ও রবি বোপারার (৩) উইকেট। ৩৯ ওভার শেষে ইংল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ৫ উইকেটে ২১৬ রান। শেষ ১১ ওভারে দুর্দান্ত ঝোড়ো ব্যাটিং করে দলকে ভালো অবস্থানে নিয়ে যান জস বাটলার। শেষ ওভারে আউট হওয়ার আগে তিনি খেলেছেন ৪৩ বলে ৭১ রানের এক ঝোড়ো ইনিংস। শেষ ১১ ওভারেই ইংলিশ স্কোরবোর্ডে জমা হয়েছে ১০০ রান।
অস্ট্রেলিয়ার পক্ষে সবচেয়ে সফল বোলার জেমস ফকনার। ১০ ওভার বল করে ৬৭ রানের বিনিময়ে চারটি উইকেট নিয়েছেন ব্যাটিংয়ের কারণে নিজের বোলার পরিচয়টা প্রায় ভুলিয়ে দেওয়া এই অলরাউন্ডার।
তবে ফকনার নয়, আজকের দিনটা আরেক অলরাউন্ডারের। ব্যাট হাতে ৭০ রানের পাশাপাশি ৩৯ রানে ৪ উইকেট নেওয়া স্টোকস নিঃসন্দেহে ম্যাচের সেরা নায়ক।