একে ধারাবাহিকতার অভাব ছাড়া আর কিই-বা বলা যায়! কাল যে দল দারুণ খেলে শ্রীলঙ্কাকে হারিয়েছে, সেই দলই এক দিনের ব্যবধানে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে গেল ১৩৩ রানে! প্রথম ম্যাচে ব্যাটে-বলে সুন্দর নৈপুণ্য প্রদর্শন করা বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলল তার ঠিক উল্টো ক্রিকেট। প্রথমে ব্যাট করে প্রোটিয়াদের গড়া ২৯৪ রানের পাহাড় ডিঙাতে গিয়ে বারবার হোঁচট খেয়ে বাংলাদেশের ইনিংস শেষ হয় ১৬১ রানে। অধিনায়ক আনামুলের ৩৯ ও লেট অর্ডারে আল-আমিনের ব্যাট থেকে ৩৩ রান না এলে পরাজয়টি হতে পারত আরও বড়। কারণ, এই দুই ব্যাটসম্যান ছাড়া আর কেউই বলার মতো স্কোর গড়তে পারেননি।দিনের শুরুতে অবশ্য টস-ভাগ্য সহায় হয়েছিল বাংলাদেশের। কিন্তু টসে জিতে দক্ষিণ আফ্রিকাকে ব্যাট করতে পাঠানোটা কতটা যুক্তিসংগত ছিল, তা নিয়ে আলোচনা হতে পারে। তবে বাংলাদেশের অধিনায়কের এই সিদ্ধান্তের পক্ষে জুতসই কোনো কিছু করে দেখাতে পারেননি বাংলাদেশি যুবা বোলাররা। তাসকিন আহমেদ, সৌম্য সরকার, নাঈম ইসলাম জুনিয়র, আল-আমিন—প্রায় সবাই ছিলেন খরুচে। দক্ষিণ আফ্রিকার উদ্বোধনী ব্যাটসম্যান কিউ ডি কক ৯৫ রানের এক অনবদ্য ইনিংস খেলেন। তাঁকে যোগ্য সঙ্গ দেন দলের প্রায় সব ব্যাটসম্যান। ডি ককের ৯৫ রানের পাশাপাশি দ্বিতীয় সর্বোচ্চ রান ডি ব্রুইনের, ৬৩। এ ছাড়া বাকি সব ব্যাটসম্যানই মোটামুটি স্কোর করে দক্ষিণ আফ্রিকার মোট সংগ্রহ নিয়ে যান ২৯৪-এ।বাংলাদেশের উদ্বোধনী বোলার তাসকিন আহমেদ ৫ ওভার বল করে ৩৭ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। তিনি ওভারপ্রতি খরচ করেন ৭.৪০ রান। আগের দিনের সফল বোলার সৌম্য একটি উইকেট পেলেও ৭ ওভার বল করে ৫২ রান দেন। নাঈম ইসলাম জুনিয়র ৬ ওভারে ৩৮ রান দিয়ে নেন ১ উইকেট। তবে নাসুম আহমেদ ও নূর হোসেন, দুজনই ৩টি করে উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার রানের লাগাম টেনে ধরেন।জবাবে ব্যাট করতে নেমে দলীয় ১৩ রানেই সৌম্য সরকারের উইকেট হারায় বাংলাদেশ। এরপর দলীয় ২৫ রানে ফিরে যান লিটন দাস। অধিনায়ক আনামুল উইকেটে এসে হাল ধরলেও বিপরীত প্রান্তে নিয়মিত বিরতিতে চলতে থাকে যাওয়া-আসার মিছিল। আনামুল ৩৯ রান করেন। অধিনায়কের এই ৩৯ রানই দলের পক্ষে সর্বোচ্চ সংগ্রহ। আগের দিন ৮৪ রান করা আসিফ আহমেদ আউট হন ১ রানেই। লেট অর্ডারে আল-আমিন ৩৩ করে দলের সংগ্রহকে নিয়ে যান মোটামুটি পর্যায়ে। আনামুল ও আল-আমিন বাদে আর কোনো ব্যাটসম্যানই বলার মতো কিছু করতে পারেননি। ব্যাটসম্যানদের ব্যর্থতায় বাংলাদেশের ইনিংস শেষ হয় ১৬১ রানে, যা দক্ষিণ আফ্রিকার সংগ্রহ থেকে ১৩৩ রান দূরে।দক্ষিণ আফ্রিকার পক্ষে মুর ১০ ওভার বল করে ৪৪ রান দিয়ে নেন ৩ উইকেট। শেষের দিকে বল হাতে নিয়ে বাংলাদেশের ইনিংসে ধস নামান পিলে। তিনি মাত্র ১.৩ ওভার বল করে ৫ রান দিয়ে নেন ৩ উইকেট। এ ছাড়া ব্রুইন ও স্যাভেজ ১টি করে এবং ড্রাই ২টি উইকেট দখল করেন। সূত্র: ক্রিকইনফো। সংক্ষিপ্ত স্কোরদক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ ২৯৪/৮ (৫০ ওভার)কিউ ডি কক ৯৫, ব্রুইন ৬৩নাসুম ৩/৪৫, নূর হোসেন ৩/৪৪বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ১৬১/১০ (৩৪.৩ ওভার)আনামুল হক ৩৯, আল-আমিন ৩৩মুর ৩/৪৪, পিলে ৩/৫(দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দল ১৩৩ রানে জয়ী)