১৩৬ রানে অলআউট ইংল্যান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্যাট হাতে দারুণ একটা ইনিংসের পর বল হাতেও দলের নায়ক জনসন
ব্যাট হাতে দারুণ একটা ইনিংসের পর বল হাতেও দলের নায়ক জনসন

৯১ রান তুলতেই নেই ৮ উইকেট! ইংল্যান্ডের মনে তখন উঁকি দিয়ে যাচ্ছে গত বছর আবুধাবিতে পাকিস্তানের বিপক্ষে ৭২ রানে অলআউট হওয়ার সেই লজ্জা। ২০০৯ সালে কিংসটনেও ৫১ রানে অলআউট হয়েছিল ইংল্যান্ড। কিন্তু এ দুটোই ছিল দুর্ঘটনা। তা ছাড়া সেই দুটো ‘দুর্ঘটনা’র লজ্জায় তাদের পড়তে হয়নি চিরপ্রতিদ্বন্দ্বীর বিপক্ষে। সবচেয়ে বড় কথা, সেই ইংল্যান্ড দলটা টানা তিনটি অ্যাশেজ জয়ের অহমিকায় উড়তে থাকা দলও ছিল না।

শেষ পর্যন্ত গত ১০ বছরে মাত্র চতুর্থবারের মতো ১০০ রানের নিচে অলআউট হওয়ার লজ্জায় তাদের পড়তে হয়নি বটে, কিন্তু ইংল্যান্ড গিয়ে থামল ১৩৬ রানে। ব্রিসবেনের সঙ্গে অস্ট্রেলিয়ার সুসম্পর্ক অটুটই থাকল। গ্যাবায় গত ২৫ বছরে টেস্ট না হারা অস্ট্রেলিয়া পেয়ে গেল ১৫৯ রানের লিড। দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে ৬৫ রান তুলে সেই লিডটার আকার অস্ট্রেলিয়া বানিয়ে ফেলল ২২৪ রানের।

৮ উইকেটে ২৭৩ রানে প্রথম দিন শেষ করা অস্ট্রেলিয়া আজ দিনের অষ্টম ওভারের প্রথম বলেই অলআউট হয়ে গেল। অস্ট্রেলিয়ার চোখে ‘প্রতারক’ স্টুয়ার্ট ‘ফ্রড’ শেষ পর্যন্ত তুলে নিলেন ৬ উইকেট। সেই ব্রড পরে ব্যাট হাতেও রুখে দাঁড়ালেন দলের চরম বিপর্যয়ে। ৩২ রানের ইনিংসটা না খেললে গত ১০ বছরে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার কাছে ১০০-র নিচে অলআউট হওয়ার মানসিক ধাক্কা দিয়ে এবারের অ্যাশেজটা শুরু করতে হতো ইংল্যান্ডকে। মাইকেল কারবেরির ৪০-এর পর ব্রডই ইনিংসের সর্বোচ্চ রানের জোগানদাতা!

ব্যাটে-বলে ইংল্যান্ডের কাছে নায়ক যদি হন ব্রড, অস্ট্রেলিয়ার কাছে সেটি মিচেল জনসন। এক সময় তাঁর মধ্যে ফাস্ট বোলার-অলরাউন্ডার হওয়ার ছবি দেখতে পাওয়ার পর জনসনই হারিয়ে গিয়েছিলেন। সেই জনসন ফিরে আসছেন দুর্দান্তভাবে। ব্যাট হাতে ৬৪ রান করার পর বল হাতেও নিয়েছেন ৪ উইকেট।

রায়ান হ্যারিসের সঙ্গে মিলে জনসনই ধসিয়ে দিয়েছেন ইংল্যান্ডকে। এই দুজন তুলে নিয়েছেন ৭ উইকেট। এক সময় বিশ্বের অন্যতম ফাস্ট উইকেটের গৌরবের অধিকারী গ্যাবায় এখন আর সেই গতিটা হয়তো নেই। তবে এই টেস্টে ফাস্ট বোলাররাই যে রাজত্ব করবেন সেটা পরিষ্কার। বোলারদের নেওয়া ১৯ উইকেটের ১৭টিই গেছে পেসারদের। তবে এই উইকেটেও দারুণ বোলিং করে ১.৮৮ ইকোনমি রেটে ২ উইকেট নিয়েছেন অফস্পিনার নাথান লায়ন।

যখন যার প্রয়োজন ছিল, তখনই সেই বোলারটি উইকেট এনে দিয়েছেন দলকে। ইংল্যান্ডের মিডল-লোয়ার মিডল অর্ডারে তো রীতিমতো ১০ রিখটার স্কেলের ঝড়ই বয়ে গেছে। দুই উইকেটে ৮২ থেকে তারা ১০ ওভারের মধ্যে হয়ে গেছে আট উইকেটে ৯১! মাত্র ৯ রানের ব্যবধানে হারিয়েছে ৬ উইকেট! উইকেটপতনের মিছিল এতটাই নিয়মিত ছিল, ড্রেসিংরুমে পরবর্তী ব্যাটসম্যানটি যেন ঠিকমতো প্যাড-গার্ডই পরার সময় পাননি!

বিড়াল যেমন বাসর রাতে মারতে হয়, অ্যাশেজেও কোপটা দিতে হয় সিরিজের প্রথম টেস্টেই। মনে হচ্ছে অস্ট্রেলিয়া কোপটা জায়গামতোই দিয়েছে!

ক্রিকেটের সর্বশেষ স্কোর জানতে C লিখে এসএমএস করুন 2221 নম্বরে

ক্রিকেটের সর্বশেষ স্কোর জানতে C লিখে এসএমএস করুন 2221 নম্বরে