১৩৯ রানে গুটিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ
নিউজিল্যান্ডের বিপক্ষে আজ স্বভাবসুলভ ভঙ্গিতে ঝোড়োগতিতেই শুরু করেছিলেন ক্রিস গেইল। তাঁর ১৪ বলে ৩০ রানের ইনিংসটির সুবাদে প্রথম ছয় ওভারে ৬০ রান সংগ্রহ করেছিল ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু সপ্তম ওভারে তিনি সাজঘরে ফিরে গেলে দ্রুত কমে যায় রানের গতি। কিউই বোলারদের তোপের মুখে শেষ পর্যন্ত তিন বল বাকি থাকতেই ১৩৯ রানে গুটিয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ ইনিংস। গেইলের করা ৩০ রানই উইন্ডিজের পক্ষে সর্বোচ্চ। নিউজিল্যান্ডের পক্ষে তিনটি করে উইকেট নিয়েছেন ডোউগ ব্রেসওয়েল ও টিম সৌদি।টসে হেরে ব্যাট করতে নেমে বেশ দ্রুতগতিতে রান সংগ্রহ করছিলেন উইন্ডিজ ব্যাটসম্যানরা। দ্বিতীয় ও চতুর্থ ওভারে জনসন চার্লস ও আন্দ্রে রাসেল বিদায় নিলেও রানের চাকা বেশ ভালোই ঘুরিয়ে যাচ্ছিলেন গেইল। কিন্তু সপ্তম ওভারে গেইলের উইকেট তুলে নিয়ে নিউজিল্যান্ড শিবিরে স্বস্তি ফেরান টিম সৌদি। ১৪ বলে ৩০ রান করে বিদায় নেন গেইল। এরপর বাকি সময় বড় কোনো জুটি গড়ে তুলতে পারেননি উইন্ডিজ ব্যাটসম্যানরা। নিয়মিত বিরতিতে উইকেট পতনের মধ্য দিয়ে ১৩৯ রানে শেষ হয় ক্যারিবীয় ইনিংস। কাইরন পোলার্ডের ব্যাট থেকে এসেছে দলের দ্বিতীয় সর্বোচ্চ ২৮ রান। আর ২৪ রান করেছেন মারলন স্যামুয়েলস।