১৪ অধিনায়কের রিকশা ভ্রমণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর কয়েক ঘণ্টা পরেই বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে পর্দা উঠতে যাচ্ছে ক্রিকেট বিশ্বকাপের দশম আসরের। ১৫ বছর পর আবার উপমহাদেশের মাটিতে অনুষ্ঠিত এই বিশ্বকাপে হয়তো অনেক নতুন অভিজ্ঞতার মুখোমুখি হবে ক্রিকেট-বিশ্ব। মাঠের পারফরমেন্স দিয়ে রচিত হবে অনেক উত্থান-পতন, ভাঙা-গড়ার নতুন ইতিহাস। তবে তার আগে উদ্বোধনী অনুষ্ঠানেই এক অভিনব অভিজ্ঞতার মুখোমুখি হতে পারবেন বিশ্বকাপে অংশগ্রহণকারী ১৪টি দলের দলনেতারা।উদ্বোধনী অনুষ্ঠানের মার্চপাস্টে অংশ নিতে এই ১৪ দলের অধিনায়কেরা মাঠে আসবেন বাংলাদেশের জনপ্রিয় বাহন রিকশায় সওয়ার হয়ে। রিকশা চড়ার ব্যাপারটা সাকিবের কাছে ডাল-ভাত মনে হলেও পন্টিং, স্মিথ বা ধোনিদের কাছে এটা কিন্তু সত্যিই এক অভিনব অভিজ্ঞতা হিসেবেই হাজির হওয়ার কথা। বর্ণাঢ্য সাজে সজ্জিত ‘লিড’ নামের এই রিকশা-ভ্রমণের অভিজ্ঞতাটা হয়তো অনেকেরই মনে স্থায়ী আসন গাড়তে পারে।তবে আয়োজকদের এ সিদ্ধান্তটা কিন্তু আরও ব্যাপকভাবে পাল্টে দিতে যাচ্ছে সৌভাগ্যবান সেই ১৪ জন রিকশাচালকের জীবন। এত বর্ণিল এক অনুষ্ঠানে এমন সক্রিয় অংশগ্রহণের সুযোগ হয়তো তাঁদের জীবনে বারবার আসবে না। টেলিভিশনের ক্যামেরার মাধ্যমে তাঁদের দেখতে পাবে বিশ্বের কোটি কোটি মানুষ। শুধু এই দুই মিনিটের খ্যাতিই না। তাঁরা আসলে ঢুকে যেতে পারবেন বিশ্বকাপ ক্রিকেটের ইতিহাসে। টাইমস অব ইন্ডিয়া।