১৪ দলের ঠিকুজি
কোনো কোনা দলের সঙ্গী গৌরবময় অতীত, কোনো কোনো দল চায় অতীতের গ্লানি ভুলিয়ে দিতে। কারও লক্ষ্য শিরোপা জয়, কেউ চায় চমকে দিতে, কারও চাওয়া সম্মানজনক পরাজয়। আরিফুল ইসলাম শোনাচ্ছেন বিশ্বকাপের ১৪ দলের গল্প

অস্ট্রেলিয়া
১৯৭৫: রানার্সআপ
১৯৭৯: গ্রুপ পর্ব
১৯৮৩: গ্রুপ পর্ব
১৯৮৭: চ্যাম্পিয়ন
১৯৯২: গ্রুপ পর্ব
১৯৯৬: রানার্সআপ
১৯৯৯: চ্যাম্পিয়ন
২০০৩: চ্যাম্পিয়ন
২০০৭: চ্যাম্পিয়ন
২০১১: কোয়ার্টার ফাইনাল
অ্যালান বোর্ডারের হাত ধরে সাফল্যগাথার শুরু। স্টিভ ওয়াহ, রিকি পন্টিংদের হাত ধরে অনন্য উচ্চতায় পৌঁছে যাওয়া। বিশ্বকাপের রং আসলে হলুদ! সর্বোচ্চ চারবার ও একমাত্র হ্যাটট্রিক চ্যাম্পিয়ন, টানা ৩৪ ম্যাচ অপরাজিত থাকার অবিশ্বাস্য রেকর্ড, ব্যক্তিগত রেকর্ডে নিরঙ্কুশ প্রাধান্য—পরিসংখ্যানই সবচেয়ে বড় প্রমাণ। তবু পরিসংখ্যানও যেন পুরোপুরি ফুটিয়ে তুলতে পারছে না বিশ্বকাপে অস্ট্রেলিয়ার শ্রেষ্ঠত্ব। পরিসংখান তো বলছে না, ম্যাচের পর ম্যাচ, একেকটা টুর্নামেন্ট কতটা দাপটে জিতেছে অস্ট্রেলিয়া! তিনটি বিশ্বকাপ ফাইনালকে বানিয়ে ছেড়েছে একতরফা। এত এত সাফল্যের তৃপ্তির মাঝেও একটা যন্ত্রণার কাঁটা, দেশের মাটিতে বিশ্বকাপ জেতা হয়নি! ১৯৯২ সালে দেশের মাটির বিশ্বকাপে ফেবারিট হয়েও বিদায় নিতে হয়েছিল প্রথম রাউন্ড থেকে। এবার সুযোগ যন্ত্রণার সেই ক্ষতে প্রলেপ দেওয়ার। দলও দুর্দান্ত ফর্মে। এই অস্ট্রেলিয়া স্টিভ ওয়াহ, রিকি পন্টিংয়ের অস্ট্রেলিয়ার মতো প্রবল পরাক্রান্ত নয়। তবে এই দলের সামনেও অমর হওয়ার হাতছানি, শুধু জিততে হবে দেশের মাটিতে বিশ্বকাপ!
মাইকেল ক্লার্ক
গত দুই বছর আমরা যেভাবে খেলেছি, সেই আত্মবিশ্বাস ধরে রাখতে পারলে সফল হব আমরা। তবে জিততে হলে আমাদের সেরাটা দেখাতে হবে।

ভারত
১৯৭৫: গ্রুপ পর্ব
১৯৭৯: গ্রুপ পর্ব
১৯৮৩: চ্যাম্পিয়ন
১৯৮৭: সেমিফাইনাল
১৯৯২: গ্রুপ পর্ব
১৯৯৬: সেমিফাইনাল
১৯৯৯: সুপার সিক্স
২০০৩: রানার্সআপ
২০০৭: গ্রুপ পর্ব
২০১১: চ্যাম্পিয়ন
বিশ্বকাপ ভারতের জন্য বিশ্বচাপ, ২৮ বছর ধরে। বিশ্বকাপের শিরোপা ধরে রাখার চাপ ফিরে এল ২৮ বছর পর! শুরুতে বিশ্বকাপ তো বটেই, ওয়ানডে ক্রিকেটকেই সাদরে গ্রহণ করতে চায়নি ভারতীয় ক্রিকেট। প্রথম দুই বিশ্বকাপ থেকেই বিদায় প্রথম রাউন্ডে। ১৯৮৩ বিশ্বকাপে সেই দল চমকে দিল ক্রিকেটবিশ্বকে। আগের দুই আসর মিলিয়ে মাত্র একটি ম্যাচে জেতা দলটিই তৃতীয় আসরের চ্যাম্পিয়ন! ওয়ানডে ক্রিকেটের মোড়ও ঘুরে গেল। শতকোটি মানুষের দেশে খেলাটির জনপ্রিয়তা এক লাফে বাড়ল কয়েক গুণ। আজ এই যে খেলাটাকে ঘিরে রমরমা বাণিজ্য, অর্থের ছড়াছড়ি—এক দিক থেকে সবকিছুর ভারতের বিশ্বকাপ জয়ের প্রত্যক্ষ ও পরোক্ষ অবদান। ১৯৮৭ সালের পরের বিশ্বকাপে ঘরের মাটিতে সেই চাপ সইতে না পেরেই বিদায় সেমিফাইনাল থেকে। এরপর প্রতিবারই সাগরসমান আশা নিয়ে গিয়ে হতাশায় ফেরা। আরেকটি বিশ্বজয়ের স্বপ্নপূরণ অবশেষে গতবার, দেশের মাটিতেই। তাসমান সাগরের পাড়ে চ্যালেঞ্জ এবার আরও কঠিন, চাপ আরও তীব্র।
মহেন্দ্র সিং ধোনি
গত চ্যাম্পিয়নস ট্রফির আগেও আমরা খুব স্বস্তিকর অবস্থায় ছিলাম না। কিন্তু আসল সময়ে জ্বলে উঠে শিরোপা জিতেছি। আইসিসি টুর্নামেন্টে সময়মতো পারফর্ম করাই আসল। আশা করি বিশ্বকাপেও সেটির পুনরাবৃত্তি হবে।

ওয়েস্ট ইন্ডিজ
১৯৭৫: চ্যাম্পিয়ন
১৯৭৯: চ্যাম্পিয়ন
১৯৮৩: রানার্সআপ
১৯৮৭: গ্রুপ পর্ব
১৯৯২: গ্রুপ পর্ব
১৯৯৬: সেমিফাইনাল
১৯৯৯: গ্রুপ পর্ব
২০০৩: গ্রুপ পর্ব
২০০৭: সুপার এইট
২০১১: কোয়ার্টার ফাইনাল
ক্লাইভ লয়েডের ওয়েস্ট ইন্ডিজ, ভিভ রিচার্ডসের ওয়েস্ট ইন্ডিজ আজ জেসন হোল্ডারের ওয়েস্ট ইন্ডিজ! বিশ্বকাপ অধিনায়কের নামগুলোই যেন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের প্রতীকী চিত্র। বিশ্ব ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের প্রতাপ, দাপটে এগিয়ে চলা আর পতন—সবকিছুর সাক্ষী হয়ে আছে বিশ্বকাপই। প্রথম দুই বিশ্বকাপে দাপটে শিরোপা জয়, বিশ্বকাপে প্রথম ম্যাচ হেরেছে তারা তৃতীয় বিশ্বকাপে এসে, ভাবা যায়! সেবারও ফেবারিট হয়ে উঠেছিল ফাইনালে। কিন্তু ভারতের কাছে হেরে যায় অপ্রত্যাশিতভাবে। পতনের সেই শুরু। এরপর আর সেমিফাইনালেই উঠতে পেরেছে একবার। ১৯৯৬ সালে সেই সেমিফাইনালে তাদের হাতের মুঠো থেকে জয় ছিনিয়ে নেয় অস্ট্রেলিয়া। এখন তো ওয়েস্ট ইন্ডিজ অতীতের কঙ্কাল। বিশ্বকাপের ঠিক আগে ব্রাভো-পোলার্ডদের বাদ দেওয়া, আনকোরা হোল্ডারের কাঁধে নেতৃত্ব—এই দলকে নিয়ে স্বপ্ন দেখেন না হয়তো ক্যারিবিয়ানরাই!
জেসন হোল্ডার
সাম্প্রতিক ফর্মে আমরা অধারাবাহিক, সামর্থ্যের সেরাটা দিতে পারিনি। তবে আমাদের দলে আছে এমন কজন, যারা একাই জেতাতে পারে ম্যাচ।

পাকিস্তান
১৯৭৫: গ্রুপ পর্ব
১৯৭৯: সেমিফাইনাল
১৯৮৩: সেমিফাইনাল
১৯৮৭: সেমিফাইনাল
১৯৯২: চ্যাম্পিয়ন
১৯৯৬: কোয়ার্টার ফাইনাল
১৯৯৯: রানার্সআপ
২০০৩: গ্রুপ পর্ব
২০০৭: গ্রুপ পর্ব
২০১১: সেমিফাইনাল
গত বিশ্বকাপের পর প্রবল সমালোচনার তোপ ছিল যাঁর দিকে, দাবি উঠেছিল দল থেকে ছুড়ে ফেলার, এই মিসবাহ-উল হক এবার অধিনায়ক! এটি একটি নমুনা মাত্র। পাকিস্তান ক্রিকেটের চিরকালীন অনিশ্চয়তা ও অননুমেয়তার প্রমাণ হয়ে আছে বিশ্বকাপ। প্রথম বিশ্বকাপে সেমিফাইনালে খেলা হয়নি শেষ জুটিতে ৬৪ রানে ওয়েস্ট ইন্ডিজ তাদের হারিয়ে দেওয়ায়। পরের দুটি বিশ্বকাপেও সেমিফাইনালে বাধা হয়ে দাঁড়ায় ওয়েস্ট ইন্ডিজ। ১৯৮৭ বিশ্বকাপে শেষ চারে উঠেছিল সেই ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েই। কিন্তু ফেবারিট হয়েও হার অস্ট্রেলিয়ার কাছে। ১৯৯২–তে খাদের কিনারায় চলে যাওয়া দল জন্ম দিল রূপকথার। এক বিশ্বকাপ পরই আবার গিয়েছিল শিরোপার খুব কাছাকাছি। কিন্তু ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হার যাচ্ছেতাইভাবে। চরম ব্যর্থ পরের দুটো বিশ্বকাপেও। ২০১১ বিশ্বকাপে আয়োজকের অধিকার হারানো, সমস্যাজর্জরিত দলটিই আবার উঠে যায় সেমিফাইনালে। এবারও দল অগোছাল। কিন্তু জ্বলে ওঠার জন্য যে এসব সময়কেই বেছে নেয় পাকিস্তান!
মিসবাহ-উল-হক
দারুণ কিছু করে বিদায় নিতে চাই ওয়ানডে থেকে। আমি স্বপ্ন দেখি, আশা করি ১৯৯২ বিশ্বকাপের মতোই কিছু করব আমরা।

শ্রীলঙ্কা
১৯৭৫: গ্রুপ পর্ব
১৯৭৯: গ্রুপ পর্ব
১৯৮৩: গ্রুপ পর্ব
১৯৮৭: গ্রুপ পর্ব
১৯৯২: গ্রুপ পর্ব
১৯৯৬: চ্যাম্পিয়ন
১৯৯৯: গ্রুপ পর্ব
২০০৩: সেমিফাইনাল
২০০৭: রানার্সআপ
২০১১: রানার্সআপ
শ্রীলঙ্কার ছোট থেকে বড় হয়ে ওঠার সাক্ষী বিশ্বকাপ। শ্রীলঙ্কা নামের চারাগাছ মহিরুহ হয়ে উঠেছে বিশ্বকাপের মঞ্চেই। ‘রোল অব অনার’ বলবে প্রথম পাঁচ বিশ্বকাপে দলটির কাজ ছিল স্রেফ শোভা বাড়ানো। আদতে খবরের শিরোনামও হয়েছে মাঝেমধ্যে, ১৯৭৯ বিশ্বকাপে ভারতকে হারিয়ে, ১৯৮৩-তে নিউজিল্যান্ডকে। তবে দৈত্যবধের অভ্যাস থাকলেও গায়ে ‘মিনোজ’ ছাপটা ছিলই। এই ছোটরাই আচমকা সবার বড় হয়ে ওঠে ১৯৯৬–তে। শুরুর সময় হিসাবে না থেকেও শেষ পর্যন্ত জিতে নেয় শিরোপা। পরের চার বিশ্বকাপে আরও দুবার খেলেছে ফাইনাল, একবার সেমিফাইনাল। লঙ্কানরা তাই বলতেই পারে, প্রথম পাঁচ বিশ্বকাপ ছিল দেখা ও শেখার, পরের পাঁচটি সেই শিক্ষা কাজে লাগানোর। নতুন শতাব্দীর শ্রীলঙ্কা বড় মঞ্চের বড় দল। সবশেষ দুটি ওয়ানডে, দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপেই উঠেছে ফাইনালে। এবারও পুনরাবৃত্তি হলে বিস্ময়ের থাকবে না কিছুই!
অ্যাঞ্জেলো ম্যাথুস
অভিজ্ঞতা ও তারুণ্যের দারুণ সমন্বয় আমাদের দলে। দলটাও দারুণ ব্যালান্সড। চেষ্টা করব দেশকে আরেকবার বিশ্বসেরার গৌরব এনে দিতে।
নিউজিল্যান্ড
১৯৭৫: সেমিফাইনাল
১৯৭৯: সেমিফাইনাল
১৯৮৩: গ্রুপ পর্ব
১৯৮৭: গ্রুপ পর্ব
১৯৯২: সেমিফাইনাল
১৯৯৬: কোয়ার্টার ফাইনাল
১৯৯৯: সেমিফাইনাল
২০০৩: সুপার সিক্স
২০০৭: সেমিফাইনাল
২০১১: সেমিফাইনাল
স্টিভেন ফ্লেমিংয়ের কথাটাই হয়তো সত্যি। ২০০৭ বিশ্বকাপের সেমিফাইনালে হারার পর বলেছিলেন, ‘আমাদের যে দেশ, যে প্রতিভা আর যে সামর্থ্য, হয়তো সেমিফাইনাল পর্যন্ত আসাই আমাদের নিয়তি।’ বিশ্বকাপের আগে ফর্ম, দলের অবস্থা বা শক্তি-সামর্থ্য যেমনই থাকুক, কীভাবে কীভাবে যেন ঠিকই সেমিফাইনাল খেলে ফেলে! তবে ওই পর্যন্তই। ফাইনালের মঞ্চে পা রাখা হয়নি একবারও। সবচেয়ে বেশিবার সেমিফাইনাল খেলে একবারও ফাইনাল খেলতে না পারার যন্ত্রণার রেকর্ডটি কিউইদেরই। কিন্তু ফ্লেমিংয়ের কথার সূত্র ধরেই তাকানো যায় মুদ্রার উল্টো পিঠে। ১০ বিশ্বকাপের ৬টিতেই সেমিফাইনাল—নিউজিল্যান্ডের মতো সীমিত প্রতিভা ও সামর্থ্যের দলের জন্য যথেষ্টই গর্ব করার মতো রেকর্ড! বরাবরই বিশ্বকাপের ‘ডার্ক হর্স’ নিউজিল্যান্ড এই প্রথমবার সত্যিকার ফেবারিটদের কাতারে। চেনা যুদ্ধক্ষেত্র, পর্যাপ্ত রসদ, মোক্ষম সব অস্ত্র, ব্রেন্ডন ম্যাককালামের দল প্রায় আদর্শ এক ওয়ানডে দল। কিউই ক্রিকেটকে নতুন উচ্চতায় নেওয়ার আদর্শ সুযোগও তাই এবারই!
ব্রেন্ডন ম্যাককালাম
গত কয়েক মাস অসাধারণ কেটেছে আমাদের। ধরা দিয়েছে দারুণ সব অর্জন। সেই ধারাবাহিকতায় এবার বিশ্বকাপ শিরোপাও ধরা দিলে মন্দ হয় না!’
দক্ষিণ আফ্রিকা
১৯৯২: সেমিফাইনাল
১৯৯৬: কোয়ার্টার ফাইনাল
১৯৯৯: সেমিফাইনাল
২০০৩: গ্রুপ পর্ব
২০০৭: সেমিফাইনাল
২০১১: কোয়ার্টার ফাইনাল
শুরুটায় তাদের জন্য ছিল সবার সহানুভূতি, ‘নিয়তিই বাধা বেচারাদের।’ ২২ বছরের নির্বাসন থেকে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেই চমকে দিয়েছিল দক্ষিণ আফ্রিকা, দুর্দান্ত খেলেছিল ১৯৯২ বিশ্বকাপে। কিন্তু সেমিফাইনালে ১৩ বলে ২২ রান বৃষ্টির ছোবলে যদি হয়ে যায় ১ বলে ২২, কী আর করার থাকে তাহলে? কেনই বা টুর্নামেন্টজুড়ে নিশ্চুপ থাকা ব্রায়ান লারার ব্যাট বিধ্বংসী হয়ে উঠবে তাদের বিপক্ষে (১৯৯৬ সালে, কোয়ার্টার ফাইনালে)! কিন্তু ১৯৯৯ সেমিফাইনালের সেই অবাক করা টাই কিংবা ২০০৩-এ হিসাবে গোলমাল—সব মিলিয়ে তাদের গায়ে লেগে যায় ‘চোকার’ ছাপ। পরের দুটি বিশ্বকাপেও আসল সময়ে হার। গুরুত্বপূর্ণ ম্যাচে হেরে যাওয়ার অদ্ভুত সব কায়দা বের করে ফেলে তারা! এবারও অন্যতম ফেবারিট। কন্ডিশনের জন্য দুর্দান্ত দল, দারুণ ফর্ম। ইতিহাসের দেনা শোধের মোক্ষম সুযোগ। কী আছে প্রোটিয়াদের অপেক্ষায়? নতুন কোনো উপায়ে ছিটকে পড়া নাকি নতুন ইতিহাস!
এবি ডি ভিলিয়ার্স
শিরোপা জয়ের গ্যারান্টি দেওয়া যায় না, দিতে পারিও না। তবে এটুকু কথা দিতে পারি, প্রতিটি ইঞ্চি জয়ের জন্য নিজেদের উজাড় করে দেব আমরা।
ইংল্যান্ড
১৯৭৫: সেমিফাইনাল
১৯৭৯: রানার্সআপ
১৯৮৩: সেমিফাইনাল
১৯৮৭: রানার্সআপ
১৯৯২: রানার্সআপ
১৯৯৬: কোয়ার্টার ফাইনাল
১৯৯৯: গ্রুপ পর্ব
২০০৩: গ্রুপ পর্ব
২০০৭: সুপার এইট
২০১১: কোয়ার্টার ফাইনাল
বিশ্বকাপের আঁতুড়ঘর হয়েও বিশ্বকাপ ইংল্যান্ডের কাছে অমোঘ এক রহস্য। ক্রিকেট খেলাটা উপহার দিয়েছে যে দেশ, ওয়ানডে ক্রিকেটের রোমাঞ্চের জন্ম যেখানে, সেই দেশটিই এখনো ছুঁতে পারেনি ওয়ানডের সবচেয়ে কাঙ্ক্ষিত ট্রফি! অথচ প্রথম পাঁচ আসরের প্রতিটিতেই সেমিফাইনাল খেলেছে ইংল্যান্ড, এর তিনবারই ফাইনালে। কিন্তু প্রতিবারই সেই একই গল্প, ‘এত কাছে তবু কত দূরে!’ সঙ্গী তাই যন্ত্রণার এক রেকর্ড, তিনবার ফাইনাল খেলে একবারও শিরোপা জিততে না পারা। এই বেদনার অর্জন তবু সাফল্যমাখা। পরের পাঁচ বিশ্বকাপে সেই সান্ত্বনাও নেই। শুধুই হতাশার পিঠে হতাশা। সেমিফাইনাল খেলতে পারেনি আর একবারও, দুবার বিদায় গ্রুপ থেকেই! এবার বিশ্বকাপের ঠিক আগে বদলাতে হয়েছে অধিনায়ক। অতীতের গ্লানি ঘুচিয়ে নতুন ইতিহাস গড়া তো বহুদূর, স্বপ্ন দেখতেও ভয় ইংলিশদের।
এউইন মরগান
আমরা বিশ্বকাপ জিততে এসেছি। সামর্থ্যের সর্বোচ্চটা দিয়ে খেলতে পারলে লক্ষ্য অর্জনে সফল না হওয়ার কারণ নেই।
জিম্বাবুয়ে
১৯৮৩: গ্রুপ পর্ব
১৯৮৭: গ্রুপ পর্ব
১৯৯২: গ্রুপ পর্ব
১৯৯৬: গ্রুপ পর্ব
১৯৯৯: সুপার সিক্স
২০০৩: সুপার সিক্স
২০০৭: গ্রুপ পর্ব
২০১১: গ্রুপ পর্ব
এমন একটা গর্ব আছে জিম্বাবুয়ের, যা নেই অনেক দলেরই, বিশ্বকাপে প্রথম ম্যাচে জয়! আইসিসি ট্রফি চ্যাম্পিয়ন হিসেবে ১৯৮৩ বিশ্বকাপ খেলতে গিয়েছিল জিম্বাবুয়ে। ডানকান ফ্লেচারের অলরাউন্ড নৈপুণ্যে (৬৯*, ৪/৪২) প্রথম ম্যাচে হারিয়ে দিল টুর্নামেন্টের অন্যতম ফেবারিট অস্ট্রেলিয়াকে! গ্রুপ পর্ব অবশ্য পেরোতে পারেনি, পারেনি পরের তিনটি বিশ্বকাপেও। জিম্বাবুয়ের সেরা বিশ্বকাপ নিঃসন্দেহে ১৯৯৯। কেনিয়ার পাশাপাশি ভারত ও দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সুপার সিক্সে ওঠে তারা। সুপার সিক্সে উঠেছিল পরের বিশ্বকাপেও, কিন্তু এবার বড় দলগুলোর মধ্যে জয় ছিল কেবল ইংল্যান্ডের বিপক্ষে। সুপার সিক্সে কখনো কোনো ম্যাচ জেতা হয়নি, গত বিশ্বকাপে বাদ গ্রুপ পর্ব থেকেই। এবার তো আয়ারল্যান্ডকে হারানোও কঠিন!
এলটন চিগুম্বুরা
জানি আমাদের সময় ভালো যাচ্ছে না। তবে দুঃসময়কে পেছনে ফেলতে বদ্ধপরিকর আমরা। সময় এখন সামনে তাকানোর।

বাংলাদেশ
১৯৯৯: গ্রুপ পর্ব
২০০৩: গ্রুপ পর্ব
২০০৭: সুপার এইট
২০১১: গ্রুপ পর্ব
বিশ্বকাপের বাংলাদেশ কখনো শিকারি, কখনো শিকার। বড় দল শিকারি, ছোট দলগুলোর প্রিয় শিকার। কখনো প্রত্যাশাকে ছাড়িয়ে যাওয়ার অপার আনন্দে ভাসা, কখনো হতাশায় ডুবে যাওয়া। বিশ্বকাপের বাংলাদেশ ভীষণ রকম অনুনমেয়। অনেক চড়াই-উতরাই পেরিয়ে, আশাভঙ্গের অনেক গল্প শেষে ১৯৯৯ সালে পা রাখে স্বপ্নের বিশ্বকাপে। অভিষেক বিশ্বকাপে স্কটল্যান্ডকে হারিয়ে প্রত্যাশাপূরণ, ক্রিকেট–বিশ্বকে চমকে দিয়ে পাকিস্তান-বধ। দুঃস্বপ্নের ২০০৩ বিশ্বকাপে কানাডা ও কেনিয়ার কাছে বিব্রতকর হার। ২০০৭ বিশ্বকাপ আবার তরুণ এক দল নিয়ে অভাবনীয় সাফল্য। ভারতকে হারিয়ে শুরু, বারমুডাকে হারিয়ে সুপার এইট, সেখানে র্যাঙ্কিং শীর্ষ দল দক্ষিণ আফ্রিকাকে হারানো—সাফল্যের পাশে কলঙ্ক তিলক আয়ারল্যান্ডের কাছে হার। গত বিশ্বকাপে ইংল্যান্ডকে হারানো আড়াল করতে পারছে না ৫৮ ও ৭৮ রানে গুটিয়ে যাওয়া। এবারও বাস্তবতা কঠিন। স্বপ্ন দেখার তবু কমতি নেই। আফগানিস্তান-স্কটল্যান্ডের বিপক্ষে প্রত্যাশিত জয়ের সঙ্গে বড় কোনো শিকার হয়তো খুলে দিতে পারে শেষ আটের দরজা। পারবে বাংলাদেশ?
মাশরাফি বিন মুর্তজা
কোয়ার্টার ফাইনাল খেলতে হলে আফগানিস্তান–স্কটল্যান্ডের পাশাপাশি আরও দুটি দলকে হারাতে হবে আমাদের। কন্ডিশন বিরুদ্ধ, কাজটি কঠিন। তবে অসম্ভব নয়।
আয়ারল্যান্ড
২০০৭: সুপার এইট
২০১১: গ্রুপ পর্ব
সহযোগী দেশগুলোর মধ্যে নিজেদের আলাদা করে মেলে ধরেছে আগেই। বড় টুর্নামেন্টে বড় দলগুলোর জন্যও মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে আয়ারল্যান্ড। ক্রিকেট ইতিহাস অনেক পুরোনো, তবে বিশ্বকাপ অভিষেকের জন্য অপেক্ষা করতে হয়েছে দীর্ঘদিন। প্রতীক্ষাটা এত দীর্ঘ ছিল বলেই কি না, বিশ্বকাপ অভিষেকেই যেন সব অপূর্ণতা ঘুচিয়ে দিতে চাইল আইরিশরা। জিম্বাবুয়ের বিপক্ষে হারের দোরগোড়ায় থেকে শ্বাসরুদ্ধর এক টাই, পরের ম্যাচে পাকিস্তানকে হারিয়ে সুপার এইটে! সেখানেও বাংলাদেশের বিপক্ষে জয়। গত বিশ্বকাপে কেভিন ও’ ব্রায়েনের অসাধারণ ইনিংসে ইংল্যান্ড–বধ। এবারও বড় শিকার ধরলে বিস্ময়ের থাকবে না কিছুই!
উইলিয়াম পোর্টারফিল্ড
ক্রিকেটই হয়তো একমাত্র খেলা, যেটির বিশ্বকাপে দল বাড়ার বদলে কমছে। আমরা তাই দারুণ খেলে একটি বার্তা দিতে চাই যে ছোটরাও পারে।
স্কটল্যান্ড
১৯৯৯: গ্রুপ পর্ব
২০০৭: গ্রুপ পর্ব
ক্রিকেট ঐতিহ্য, সংস্কৃতি আইরিশদের মতো। তার পরও ঠিক আয়ারল্যান্ডের কাতারে উঠে আসতে পারেনি স্কটল্যান্ড। স্কটিশ ক্রিকেটের শান্ত স্রোতে খানিকটা জোয়ার আনার মিশন এবার। জোয়ার এসেছিল আগেও, ১৯৯৯ বিশ্বকাপে কোয়ালিফাই করার পাশাপাশি দুটি ম্যাচ আয়োজনের সুযোগও মিলেছিল। কিন্তু বিশ্বকাপে সব ম্যাচেই হারার পর আবার মিইয়ে যায় উত্তেজনা। ২০০৩ বিশ্বকাপে কোয়ালিফাই-ই করা হয়নি। ২০০৭ বিশ্বকাপেও ওই স্বপ্ন দেখা আর ভেঙে যাওয়ার গল্প। ২০১১-তে আবার দর্শক। এবার তৃতীয় বিশ্বকাপ, আবার স্বপ্ন দেখার প্রহর! লক্ষ্য আফগানিস্তান ও বাংলাদেশকে হারানো, বোনাস হতে পারে একটি বড় শিকার!
মমসেন
প্রশ্ন উঠেছে সহযোগী দেশগুলো বিশ্বকাপে থাকার যোগ্য কি না। বিশ্বকাপে তো যত বেশি সম্ভব দলকেই সুযোগ দেওয়া উচিত! আমরা প্রমাণ করতে চাই যে সহযোগীরাও যোগ্য।
সংযুক্ত আরব আমিরাত
১৯৯৬: গ্রুপ পর্ব
বাংলাদেশ-আয়ারল্যান্ডের আগেই বিশ্বকাপ খেলেছে সংযুক্ত আরব আমিরাত। কিন্তু আইসিসির একটি নিয়মের বদলেই বদলে গেল আমিরাত ক্রিকেটের ভাগ্য। ভারত-পাকিস্তান-শ্রীলঙ্কার অভিবাসী ক্রিকেটারদের নিয়ে গড়া দল আইসিসি ট্রফি চ্যাম্পিয়ন হয়ে খেলেছিল ১৯৯৬ বিশ্বকাপ। পরে অভিবাসী নিয়ম কঠিন করে দিল আইসিসি, আমিরাতের ক্রিকেটও গেল থমকে। দীর্ঘ লড়াই শেষে সাবেক পাকিস্তান পেসার আকিব জাভেদের কোচিং ও দিকনির্দেশনায় অবশেষে আবার বিশ্বকাপের মঞ্চে আমিরাত। অভিবাসীরাই এখনো মূল শক্তি। বিশ্বকাপেও সেই শক্তির বড় চমক দেখানোর শক্তি নেই। বিশ্বকাপ খেলতে পারাই আসলে আমিরাতের বড় পাওয়া। বিশ্বকাপ হবে আমিরাতের উপভোগ ও শিক্ষাসফর, পারলে আফগানিস্তানের সঙ্গে জয়!
খুররম খান
আমাদের জন্য বিশ্বকাপ খেলা হবে অসাধারণ এক মুহূর্ত। দলের অনেকেই এই মুহূর্তটির জন্য বছরের পর বছর খেলে আসছে।
আফগানিস্তান
‘আফগান রূপকথা’। আফগান ক্রিকেটের বর্ণনায় গত কয়েক বছরে কতবার যে বলা হয়েছে এই ‘রূপকথা’ শব্দটি! কিন্তু ২০০৮ সালের মাঝামাঝি ওয়ার্ল্ড ক্রিকেট লিগ ‘ডিভিশন ৫’ দিয়ে যাত্রা শুরু করেছিল যে যুদ্ধবিধ্বস্ত দেশটি, সাফল্যের চলন্ত সিঁড়িতে চেপে সেই দেশ আইসিসির সহযোগী দেশগুলোর মধ্যে প্রতিষ্ঠা করেছে শ্রেষ্ঠত্ব, এর মধ্যেই খেলে ফেলেছে তিনটি টি-টোয়েন্টি বিশ্বকাপ, দুটি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ, এই চমকপ্রদ বাস্তবতা বর্ণনায় ‘রূপকথা’ শব্দটিও আসলে যথেষ্ট নয়। আফগান ক্রিকেটের সেই বিস্ময়কর গল্পে নতুন অধ্যায়—২০১৫ বিশ্বকাপ। ছোটদের বিশ্বকাপ ও ছোট ক্রিকেটের বিশ্বকাপ খেলা দলটি এবার পা রাখছে বিশ্ব ক্রিকেটের সবচেয়ে অভিজাত আসরের মঞ্চে। বিশ্বকাপেও ছেড়ে কথা বলবে না কোনো দলকে। তবে প্রতিকূলতার এমন সব পাহাড় পেরিয়ে এখানে আসা যে বিশ্বকাপে প্রতিটি ম্যাচে মাঠে নামাই আফগান ক্রিকেটের একেটি জয়!
মোহাম্মদ নবী
কিছুদিন আগেই আমরা অস্ট্রেলিয়া–নিউজিল্যান্ডে খেলে গেছি। বিশ্বকাপে অফিিশয়াল প্রস্তুতি ম্যাচের আগে আরও প্রস্তুতি ম্যাচ খেলেছি। প্রস্তুতি তাই ভালো হয়েছে।