১৫ ছক্কা ভুলি কীভাবে: ওয়াটসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেন ওয়াটসন
শেন ওয়াটসন

সেই ইনিংস কী কেউ ভুলতে পারে? শেন ওয়াটসনও ভোলেননি। ২০১১ সালের বিশ্বকাপের পর তিনটি ওয়ানডে খেলতে বাংলাদেশে এসেছিল অস্ট্রেলিয়া। সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ওয়াটসন খেলেছিলেন আসুরিক এক ইনিংস। ১৫টি ছয়ে সাজানো ১৮৫ রানের সেই ইনিংসটি ভুলে যাওয়াটা সত্যিই এত সোজা নয়।আজ হোটেল রূপসী বাংলায় উন্মুক্ত আলাপচারিতায় ওয়াটসনের সঙ্গে ২০১১ সালের সেই ‘দানব’ ওয়াটসনের যেন কোনো মিলই নেই। তাঁকে দেখে ভ্রান্তিতে পড়াটা খুবই স্বাভাবিক, ‘ইনিই কী সেদিন মিরপুরের মাঠে ১৫টি ছক্কা হাঁকিয়ে নাকের জল-চোখের জল একাকার করে দিয়েছিলেন বাংলাদেশি বোলারদের?
আলাপচারিতার শুরুতেই সেই ইনিংসটির কথা মনে করিয়ে দিতে স্মিতহাস্যে তাঁর জবাব, ‘ওই ইনিংস কী ভুলে যাওয়া যায়? দারুণ এক অনুভূতির ইনিংস। আমার সব সময়ের আইডল রিকি পন্টিংয়ের সঙ্গে ওই ম্যাচে আমার যে জুটিটি হয়েছিল, সেটাও ভুলে যাওয়ার মতো নয়।’
তাঁর পুরো ক্যারিয়ারে বাংলাদেশ আছে মাত্র ‘এক সপ্তাহ’। ২০১১ সালে ওই সফরে অস্ট্রেলিয়া মাত্র একটি সপ্তাহ বাংলাদেশে অবস্থান করেছিল। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে বেশি সময় এ দেশে অবস্থান করার সুযোগ পেয়ে যে তিনি খুশি, আলাপচারিতায় জানিয়ে দিলেন সেটাও, ‘আমার পুরো ক্যারিয়ারে আমি বাংলাদেশে থেকেছি মাত্র এক সপ্তাহ। সেবার আমাদের সফরটি সফল ছিল। এবার বেশিদিন অবস্থানেও আশা করছি আমরা ভালো করব।’
গত ভারত সফরে কোচ মিকি আর্থারের সঙ্গে বিবাদে জড়িয়েছিলেন ওয়াটসন। ড্যারেন লেম্যান কোচ হওয়ার পর থেকে যেন রীতিমতো হাঁফ ছেড়ে বেঁচেছেন তিনি, ‘এখন দলের পরিবেশটাই অন্য রকম। কেউই আর নিজের ভুল নিয়ে ভাবে না। ভাবে নিজের পারফরম্যান্সের গ্রাফটাকে কীভাব আরও উঁচুতে তোলা যায়। ড্যারেন মানুষ হিসেবে অসাধারণ। সে জানে খেলোয়াড়দের ভেতর থেকে কীভাবে সেরা জিনিসটা বের করে নিয়ে আসা যায়।’
অস্ট্রেলিয়ার এই টি-টোয়েন্টি দলকে নিজেদের ক্রিকেট ইতিহাসের সেরা দল হিসেবেই আখ্যায়িত করেছেন এই ড্যাশিং অলরাউন্ডার, ‘এ দলটি তরুণ আর অভিজ্ঞতার মিশেলে গড়া। এতে কয়েকজন সেরা ব্যাটসম্যান ও বোলার আছে। দলের বেশির ভাগই ম্যাচ উইনার। আমার তো মনে হয়, এটি অস্ট্রেলিয়ার সেরা টি-টোয়েন্টি দল।’