১৫ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট জিতল পাকিস্তান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ১৩টি টেস্টে জয়ের মুখ দেখেনি পাকিস্তান। সর্বশেষ ১৯৯৫ সালে সিডনিতে অস্ট্রেলিয়াকে হারানোর পর ১৫ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট জয়ের স্বাদ পেল পাকিস্তান। হেডিংলি টেস্টে অস্ট্রেলিয়াকে ৩ উইকেটে হারিয়ে দুই টেস্টের সিরিজে সমতা আনল তারা।প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার করা ৮৮ রানের জবাবে ১৭০ রানের লিড নিয়ে জয়ের পথে অনেকখানি এগিয়ে যায় পাকিস্তান। দ্বিতীয় ইনিংসে ৩৪৯ রান করে পাকিস্তানকে ১৮০ রানের টার্গেট দেয় অস্ট্রেলিয়া। তৃতীয় দিনেই জয়টা প্রায় নিশ্চিত করে ফেলে পাকিস্তান। ১৮০ রানের টার্গেট তাড়া করতে নেমে ২৭ রানের মাথায় অধিনায়ক সালমান বাটকে হারালেও ইমরান ফারহাদ ও আজহার আলীর ১১০ রানের পার্টনারশিপে দিন শেষে পাকিস্তানের সংগ্রহ দাঁড়ায় তিন উইকেটে ১৪০ রান।চতুর্থ দিনে পাকিস্তানের দরকার ছিল মাত্র ৪০ রান। কিন্তু এই ৪০ রান করতে ৪ উইকেট হারিয়ে জয়টাকে অযথাই কঠিন করে তোলে তারা। আগের দিনে ৪৭ রানে অপরাজিত থাকা আজহার আলী ক্যারিয়ারের প্রথম অর্ধশতক পূর্ণ করেই বোলিংগারের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরে যান প্যাভিলিয়নে। এরপর ১৩ রানের মধ্যেই উমর আকমল ও শোয়েব মালিককে ফেরত পাঠান হিলফেনহস। কাঙ্ক্ষিত জয়টা থেকে আর মাত্র ১ রান দূরে থাকতে জনসনের বলে মাইক হাসির হাতে ক্যাচ দিয়ে ফিরে যান কামরান আকমল। পরের বলেই ১ রান নিয়ে পাকিস্তানকে অস্ট্রেলিয়ার বিপক্ষে বহু কাঙ্ক্ষিত জয় এনে দেন উমর গুল।