১৫ বছর পর পাকিস্তান বধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দীর্ঘ অপেক্ষার পর পাকিস্তানকে হারানো, সেটাও সাম্প্রতিক অস্বস্তিকর প্রেক্ষাপটে, জয় নিয়ে ফিরছেন গর্বিত অধিনায়ক ব্রেন্ডন টেলর
দীর্ঘ অপেক্ষার পর পাকিস্তানকে হারানো, সেটাও সাম্প্রতিক অস্বস্তিকর প্রেক্ষাপটে, জয় নিয়ে ফিরছেন গর্বিত অধিনায়ক ব্রেন্ডন টেলর

কাল ধারাভাষ্যকক্ষে থাকা অ্যালিস্টার ক্যাম্পবেল তখন জিম্বাবুয়ের অধিনায়ক। ইনিংস ওপেন করেছিলেন এখনকার ব্যাটিং কোচ গ্রান্ট ফ্লাওয়ার। উইকেটের পেছনে দাঁড়িয়েছিলেন গ্রান্টের বড় ভাই অ্যান্ডি ফ্লাওয়ার, এখন যিনি ইংল্যান্ড দলের কোচ। দলে ছিলেন জনসন-গুডউইন-স্ট্র্যাংরা। পাকিস্তানের অধিনায়ক আমির সোহেল, তখনো দাপটে খেলছেন আকরাম-আনোয়াররা। ১৯৯৮ সালের ২২ নভেম্বর শেখুপুরায় পাকিস্তানকে হারিয়েছিল জিম্বাবুয়ে। কালকের আগে সেটাই ছিল সর্বশেষ। ওয়ানডেতে পাকিস্তানের বিপক্ষে জিম্বাবুয়ের টানা ২৬ ম্যাচের সেই জয়খরার অবসান হলো হারারেতে।
অভাবনীয় জয়টা এল এমন এক সময়ে, যখন অর্থ সংকটে আরেকবার টালমাটাল জিম্বাবুয়ে ক্রিকেট। শোনা যাচ্ছিল, ক্রিকেটারদের সিরিজ বয়কটের কথাও, নিশ্চিত ভবিষ্যতের আশায় ইংল্যান্ডে পাড়ি দিয়েছেন দলের মূল পেসার ও এক মিডল অর্ডার ব্যাটসম্যান। জয়টাও আবার দারুণ দাপুটে, ২৪৫ রান তাড়ায় জিম্বাবুয়ে জিতল পেশাদার ব্যাটিংয়ে।
মাসাকাদজা-সিবান্দার ১০৭ রানের উদ্বোধনী জুটি গড়ে দেয় জয়ের ভিত। নিকট অতীতে এমন শুরুর পর অনেকবারই পথ হারিয়েছে জিম্বাবুয়ের ইনিংস। কিন্তু কাল রান পেয়েছেন সবাই। দুই ওপেনারের বিদায়ের পর এক পাশ আগলে ছিলেন অধিনায়ক ব্রেন্ডন টেলর, ২৩ বলে ৩৯ রানের অপরাজিত ইনিংসে রান-বলের টানাপোড়েন দূরে ঠেলেছেন শন উইলিয়ামস। ১০৪ বলে ৮৫ রানের ইনিংসে ম্যাচসেরা হ্যামিল্টন মাসাকাদজা।
শুরুটা পাকিস্তানেরও ছিল ভালো, ৫৬ রানের উদ্বোধনী জুটির পর হাফিজ-মিসবাহদের ব্যাটিংয়ে রান ছিল একসময় ২ উইকেটে ১৭৯। রানের গতি বাড়ানোর চেষ্টায় ২৩ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে উল্টো দিশা হারায় ইনিংস। শেষ ১০ ওভারে তুলতে পারে মাত্র ৫৪ রান। সেটাও মিসবাহ ৮৫ বলে অপরাজিত ৮৩ করেছিলেন বলে। তথ্যসূত্র: ক্রিকইনফো।
সংক্ষিপ্ত স্কোর
পাকিস্তান: ৫০ ওভারে ২৪৪/৭ (জামশেদ ২৭, শেহজাদ ২৪, হাফিজ ৭০, মিসবাহ ৮৩*, আমিন ১, আফ্রিদি ১১, সোহেল ২, সরফরাজ ৭, আজমল ৩*; চাতারা ২/৩২, ভিটরি ২/৪২, উতসেয়া ১/৬০)। জিম্বাবুয়ে: ৪৮.২ ওভারে ২৪৬/৩ (মাসাকাদজা ৮৫, সিবান্দা ৫৪, টেলর ৪৩*, মারুমা ১৮, উইলিয়ামস ৩৯*; আজমল ২/৪৪, জুনাইদ ১/৫৫)।
ফল: জিম্বাবুয়ে ৭ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: হ্যামিল্টন মাসাকাদজা।