১৫০-এর পরও ল্যাম্পার্ডের দুঃখ
আন্দ্রে ভিলাস-বোয়াসের সময়ে দলে অনেকটাই অপাঙেক্তয় হয়ে পড়া ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের ওপর আস্থা রাখতে শুরু করেছেন অন্তর্বর্তীকালীন কোচ রবার্তো ডি মাত্তেও। ল্যাম্পার্ডও দিয়ে যাচ্ছেন আস্থার প্রতিদান। পরশুই যেমন ফুলহামের বিপক্ষে দলের একমাত্র গোলটি করেছেন এই মিডফিল্ডার। পেনাল্টি থেকে করা গোলটি তাঁকে পৌঁছে দিয়েছে দারুণ এক মাইলফলকে। ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসে প্রথম মিডফিল্ডার হিসেবে ‘১৫০তম’ গোলের মাইলফলক স্পর্শ করলেন ল্যাম্পার্ড।কিন্তু বিশেষ কীর্তিটা ল্যাম্পার্ড উদ্যাপন করতে পারলেন না। এই গোল পেয়েও যে ফুলহামের মাঠ থেকে ড্র (১-১) করে ফিরতে হয়েছে চেলসিকে।শিরোপা দৌড় থেকে আগেই ছিটকে পড়া চেলসির লক্ষ্য অন্তত চার নম্বরে থেকে লিগ শেষ করা, যাতে চ্যাম্পিয়নস লিগে জায়গা পাওয়া যায়। ম্যানচেস্টার সিটির পরশুর হারে শিরোপা লড়াইটা একপেশে হয়ে যাওয়া ইংলিশ প্রিমিয়ার লিগের আকর্ষণ যদি কিছু থাকে, তা এই ‘চারের লড়াই’ নিয়ে। ৩২ ম্যাচে ৭৯ পয়েন্ট নিয়ে শীর্ষে ম্যানচেস্টার ইউনাইটেড, দুইয়ে থাকা ম্যান সিটির ৭১, তিন নম্বরে থাকা আর্সেনালের ৬১। কিন্তু চার নম্বর আসনটি নিয়ে জোর লড়াই চলছে তিনটি দলের—টটেনহাম, নিউক্যাসল এবং চেলসি। ৩৩ ম্যাচে টটেনহাম, নিউক্যাসল দুই দলের পয়েন্ট সমান ৫৯, চেলসির ৫৭। ঐতিহ্যবাহী লিভারপুল অবশ্য পিছিয়ে আছে অনেক (৩২ ম্যাচে ৪৩)।জিতলে পরশুই চারে উঠতে পারত চেলসি। নিজেদের মাঠে নরউইচের কাছে ২-১ গোলে হেরে টটেনহাম চেলসির জন্য দরজা খুলে দিয়েছিল। কিন্তু মাঠে নেমে সুসংবাদটিকে অনুপ্রেরণার উৎস বানাতে পারেনি ডি মাত্তেওয়ের দল। ৪৫ মিনিটে ল্যাম্পার্ডের পেনাল্টি গোলে এগিয়ে যাওয়া চেলসির সঙ্গে ফুলহামকে ৮২ মিনিটে সমতায় ফেরান ক্লিন্ট ডেম্পসি। বোল্টনের বিপক্ষে নিউক্যাসল জিতেছে ২-০ গোলে।ম্যাচ শেষে আনন্দ ছাপিয়ে ল্যাম্পার্ডের কণ্ঠে ঝরেছে হতাশা, ‘খুব বড় একটা সুযোগ হাতছাড়া হয়ে গেল আমাদের। আমরা স্পারদের ফল দেখেছিলাম—আমরা জানতাম, হয়তো ব্যবধানটা ঘুচাতে পারব। তাই ম্যাচটা জিততে চেয়েছিলাম। এই মুহূর্তে ব্যক্তিগত অর্জনটা ভালো উপভোগ করতে পারছি না, কারণ হারের মতোই অনুভূতি হচ্ছে। ব্যক্তিগত মাইলফলক ছোঁয়াটা দারুণ। ক্যারিয়ার শেষে পেছনে ফিরে তাকালে বিশেষ কিছুই মনে হবে। কিন্তু খারাপ লাগছে যে গোলটা আজ আমাদের জেতাতে পারেনি।’কোচ মাত্তেওয়ের কথা, শেষ দিকে গোল খাওয়াটা চেলসির অভ্যাস হয়ে গেছে। মৌসুমে ম্যাচের শেষ ১০ মিনিটে চেলসি গোল হজম করেছে ২০টি! ‘সবচেয়ে বড় হতাশাটা হলো শেষ দিকে গোল খেয়ে ড্র করেছি। শেষ দিকে গোল খাওয়াটা যেন এ মৌসুমে নিয়ম হয়ে গেছে।’ মাত্তেওয়ের কণ্ঠে হতাশা।এদিকে আজই আবার মাঠে নামছে ম্যান সিটি ও আর্সেনাল। উলভারহ্যাম্পটনের বিপক্ষে ম্যাচের আগে আর্সেনালের গোলরক্ষক সেজেসনি বলছেন, তৃতীয় তো বটেই; এমনকি ম্যান সিটিকে টপকে লিগ রানার্সআপও হতে পারে তাঁদের দল! ওয়েস্টব্রমের বিপক্ষে মাঠে নামার আগে ম্যান সিটির প্রতিজ্ঞা শেষ পর্যন্ত লড়াই করার। এএফপি।