দুই গোলার্ধের দুই শহর। কয়েক হাজার মাইল তো হবেই। তা হঠাৎ কেয়ার্নস আর ঢাকার দূরত্ব নিয়ে পড়লাম কেন? কারণ কাল যে ঢাকায় ফিরে এল কেয়ার্নস!ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ দলে ‘নতুন’ বলতে এক সোহরাওয়ার্দী শুভ। কিন্তু পুরো দলটাকেই তো একটু অচেনা মনে হলো কাল। আশরাফুল নেই, মাশরাফি নেই—এটা বাংলাদেশ দলই তো?এখানেই আসছে কেয়ার্নস। অস্ট্রেলিয়ার ওই পর্যটন-শহরেই সর্বশেষ এই দুজনকে বাইরে রেখে ওয়ানডে খেলতে নেমেছিল বাংলাদেশ। মাঝখানে কেটে গেছে প্রায় ছয় বছর সাত মাস। ম্যাচ হয়েছে ১৫০টি। ১৫০ ম্যাচ পর আশরাফুল-মাশরাফিবিহীন বাংলাদেশ—একটু অচেনা তো লাগবেই! সাত মাস আগে-পরে দুজনের ওয়ানডে অভিষেক। ২০০১ সালের এপ্রিলে জিম্বাবুয়ে সফরে আশরাফুলের। নভেম্বরে মাশরাফির। প্রতিপক্ষ একই—জিম্বাবুয়ে। কালকের ম্যাচটি বাংলাদেশের ২২০তম ওয়ানডে। অভিষেকের আগে বাংলাদেশ যে ৪৩টি ম্যাচ খেলেছে, তার কোনোটিতে তো আর খেলা সম্ভব ছিল না, আশরাফুল খেলেছেন পরের ১৭৭টি ম্যাচের ১৫৭টিতেই। মাশরাফি ১০২টিতে। ছায়াসঙ্গী ইনজুরি অনেক বারই দলে আসা-যাওয়া করিয়েছে মাশরাফিকে। আশরাফুলও বাদ পড়েছেন দু-একবার। তবে কেউ না কেউ ছিলেনই। ছয় মাস সাত মাস পর কেন সেই ধারাবাহিকতায় ছেদ পড়ল? অফিসিয়াল কারণ—বিশ্রাম। অর্থের কারণে একেকটা শব্দ একেক রকম অনুভূতি ছড়িয়ে দেয় মনে। ‘বিশ্রাম’ শব্দটাতেই যেমন কেমন একটা শান্তি-শান্তি ভাব। আশরাফুল-মাশরাফিকে তা বলে দেখুন না! তাঁদের যে বিশ্রাম, সেটির অন্য অর্থ যে বিতর্ক। আশরাফুলকে বিশ্রাম দেওয়া হয়েছে নাকি বাদ দেওয়া হয়েছে—এখনো সমাধান হয়নি, এমন এক জটিল গাণিতিক সূত্রের রূপ নিয়েছে এটি। দল ঘোষণার পর আশরাফুল একবার বলেছেন, তিনি নিজে বিশ্রাম চেয়েছেন। আবার পরক্ষণেই ‘খুব খারাপ লাগছে’ বলে জানিয়েছেন। নিজে বিশ্রাম নিতে চাইলে এত খারাপ লাগার কী আছে? বিশ্রাম কথাটার অর্থ নিয়েও ধন্দে ফেলে দিয়েছেন আশরাফুল। বিশ্রাম মানে তো বিশ্রাম—সেটির অর্থ আবার শুধু আন্তর্জাতিক ক্রিকেট না খেলা হলো কবে থেকে? বাংলাদেশ দলে থাকলে পাঁচতারা হোটেলে থাকতেন। বিলাসবহুল বাসে করে মাঠে আসতেন-যেতেন। সেখানে আশরাফুলকে থাকতে হচ্ছে খুলনার সাধারণ এক হোটেলে। খেলছেন জাতীয় লিগে, যেটির ব্যবস্থাপনার সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটের আলোকবর্ষ দূরত্ব। বিশ্রামটা হচ্ছে কোথায়?বিশ্রাম আশরাফুলের আসলেই প্রয়োজন ছিল। জেমি সিডন্স যতই তাঁর ব্যাকলিফটে সমস্যা আবিষ্কার করুন, টেকনিক কখনোই আশরাফুলের মূল সমস্যা ছিল না। আশরাফুলের সমস্যা মনে। সেটি আরও বেড়েছে তাঁর সহজাত খেলার ওপর নিষেধাজ্ঞা জারি হওয়ায়। সব মিলিয়ে নিউজিল্যান্ড সফরের শেষদিকে আশরাফুলকে দেখে পরিষ্কারই বোঝা যাচ্ছিল, তাঁর মস্তিষ্কের ক্রিকেট-কোষগুলো ‘বিশ্রামে’ চলে গেছে। শুধু আন্তর্জাতিক ক্রিকেট নয়, সব ধরনের ক্রিকেট থেকেই কিছুদিন বিশ্রাম নেওয়াটাই হতো এর একমাত্র সমাধান। নিজের অধিকারের সীমা ছাড়িয়ে নিউজিল্যান্ড সফরের শেষ দিন আশরাফুলকে এই পরামর্শ দিয়ে দুষ্টুমি করে বলেছিলাম, ‘তোমার এখন যে অবস্থা, তাতে আমি বল করলেও আউট হয়ে যাবে!’ আশরাফুল ভদ্রতা করে হেসেছেন, মনে মনে হয়তো ভেবেছেন ঔদ্ধত্য। টেস্টে ৫টি সেঞ্চুরি আছে, ওয়ানডেতে স্মরণীয় অনেক ইনিংস—কাদায় পড়া হাতি আর চামচিকের ফুটওয়ার্কের প্রবাদটাও হয়তো মনে পড়ে থাকতে পারে তাঁর।সিরিজের শুরুতে সবচেয়ে আলোচিত শব্দ ‘বিশ্রাম’ এক ম্যাচ পরই আবার আলোচনায়। এবার মাশরাফি। যাঁকে অনেকটা বাধ্যতামূলক বিশ্রামই দিয়ে দিয়েছেন কোচ আর অধিনায়ক। মায়ের অসুস্থতা নেহাতই ক্যামোফ্লেজ, সেটি যাঁরা বলছেন তাঁরাও জানেন। ঘটনা হলো—দ্বিতীয় ওয়ানডে থেকে মাশরাফিকে বাদ দেওয়া হয়েছে। সিনিয়র কোনো খেলোয়াড়কে বাদ দিলে ভদ্রতা করে বিশ্রাম দেওয়ার কথা বলাটা ক্রিকেটের সাম্প্রতিক এটিকেটের মধ্যে ঢুকে গেছে। তবে মাশরাফির আরেকটু ভদ্রতা প্রাপ্য ছিল—কোচ-অধিনায়কের অবশ্যই উচিত ছিল, তাঁকে ব্যক্তিগতভাবে এটি জানানো।ওয়েস্ট ইন্ডিজে ওই ইনজুরিটাতে না পড়লে মাশরাফিই এখন বাংলাদেশ দলের অধিনায়ক থাকতেন—মনে রাখা উচিত ছিল তা। মনে রাখা উচিত ছিল বাংলাদেশের ক্রিকেটে তাঁর অবদানের কথাও। একজন ক্রিকেটারের আজন্ম লালিত স্বপ্ন অধিনায়কত্ব পাওয়ার কদিনের মধ্যেই অমন এক ইনজুরি। এরপর অস্ত্রোপচার, ফিরতে পারব কি পারব না শঙ্কা, ক্লান্তিকর দীর্ঘ পুনর্বাসন-প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়া রাতদিন শেষে ফেরার পর একটু বাড়তি মনোযোগ মাশরাফির অবশ্যই প্রাপ্য ছিল। মাশরাফি এমন কিছু খারাপ বোলিং করেননি, তাঁকে বাদ দিয়ে যাকে নেওয়া হয়েছে, তিনিও এমন কোনো ডেনিস লিলি নন। মাশরাফির ঘটনায় তাই অন্য কিছু খোঁজাটা একদমই অস্বাভাবিক হবে না। বাংলাদেশে যত বিদেশি কোচ এসেছেন, সিনিয়র প্লেয়ারদের প্রতি বিরাগের জায়গায় তাঁরা সবাই এক জায়গায়। হয়তো দলে কর্তৃত্ব নিরঙ্কুশ করতেই ‘মেন’-এর বদলে ‘বয়েজ’দেরই পছন্দ তাঁদের। যে কারণে বাংলাদেশ চিরদিন কচিকাঁচার দল হয়েই থাকছে আর আমরাই ম্যাচের পর ম্যাচ হেরে বলে যাচ্ছি, ‘আমরা এখনো অনভিজ্ঞ দল। আর একটু সময় পেলেই দেখবেন...।’