১৫১ রানে পিছিয়ে বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাকিব আল হাসানের দুর্দান্ত বোলিংয়ে প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজকে ৩৫৫ রানে গুটিয়ে দেওয়ার পর আজ দ্বিতীয় দিনে ব্যাট হাতে চরম হতাশা উপহার দিয়েছেন ব্যাটসম্যানরা। তামিম-ইমরুল-নাফীসদের ব্যাটিং দেখে কেউ হয়তো ভাবতে পারেন বাংলাদেশ বুঝি টেস্ট নয়, টি-টোয়েন্টি খেলতে নেমেছে। প্রথম ১০ ওভারে ওভার প্রতি ৬ রান নিয়ে ৬০ রান সংগ্রহ করেছিল স্বাগতিকেরা। কিন্তু বিনিময়ে ৫টি উইকেট হারাতে হয়েছে বাংলাদেশকে। ফিদেল এডওয়ার্ডসের দুর্দান্ত বোলিংয়ের শিকার হয়ে সাজঘরে ফিরেছেন ওপেনার তামিম ইকবাল, শাহরিয়ার নাফীস, রকিবুল হাসান, অধিনায়ক মুশফিকুর রহিম ও ইমরুল কায়েস। তবে শেষপর্যন্ত সাকিবের ৭৩ ও নাঈম ইসলামের ৪৫ রানের সুবাদে দুই শতাধিক রানের কোটা পার করেছে বাংলাদেশ। ৭ উইকেটের বিনিময়ে ২০৪ রান সংগ্রহ করে আজ দ্বিতীয় দিন শেষ করেছে বাংলাদেশ। এখনো ১৫১ রানে পিছিয়ে আছে স্বাগতিকরা। ৩৪ রান করে অপরাজিত আছেন নাসির হোসেন।এর আগে ক্রিক এডওয়ার্ড ও মারলন স্যামুয়েলসের স্থিতধী ৮৭ রানের জুটির ওপর ভর করে আজ ঢাকা টেস্টের দ্বিতীয় দিনে কোনো উইকেট না হারিয়েই তিন শতাধিক রানের কোটা পার করেছিল ওয়েস্ট ইন্ডিজ। এডওয়ার্ড পূর্ণ করেছেন টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় শতক। কিন্তু, নাসির ও সাকিবের ঘূর্ণিতে খুব বেশিক্ষণ ব্যাটিং করতে পারেনি সফরকারীরা। মাত্র ৬৩ রানের বিনিময়ে ৫টি উইকেট নিয়েছেন সাকিব। এডওয়ার্ডের ব্যাট থেকে এসেছে ১২১ রান।৫ উইকেটে ২৫৩ রান নিয়ে আজ দ্বিতীয় দিন শুরু করেছিল ক্যারিবীয়রা। ৮৭ রানের জুটি গড়ে এডওয়ার্ডস ও স্যামুয়েলস বড় সংগ্রহের দিকে নিয়ে যান ওয়েস্ট ইন্ডিজকে। দলীয় ৩১৯ রানের মাথায় স্যামুয়েলসকে কট অ্যান্ড বোল্ড করে প্যাভিলিয়নে ফেরত পাঠান নাসির হোসেন। কয়েক ওভার পরে টানা দুই ওভারে কার্লটন বাফ ও অধিনায়ক ড্যারেন স্যামির উইকেট তুলে নেন সাকিব আল হাসান। কিছুক্ষণ পর ক্রিক এডওয়ার্ড ও ফিদেল এডওয়ার্ডকেও সাজঘরমুখী করেন এই বামহাতি স্পিনার।