১৫৫ রানেই শেষ ইংল্যান্ড

হোয়াইটওয়াশের লজ্জা এড়ানোর জন্য মরিয়া হয়েই লড়ার কথা ইংল্যান্ডের। কিন্তু অ্যাশেজের শেষ টেস্টেও ব্যাটিং বিপর্যয় এড়াতে পারল না সফরকারীরা। ২৩ রানে পাঁচ উইকেট হারানো ইংল্যান্ডের প্রথম ইনিংস শেষ হলো মাত্র ১৫৫ রানেই। প্রথম ইনিংসে ১৭১ রানের বিশাল ব্যবধানে পিছিয়ে পড়ে এখন আরও একবার হারের আশঙ্কাতেই দুলছে অ্যালিস্টার কুকের দল।
শুরুতেই ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ের পরও শেষ পর্যন্ত যে ইংল্যান্ডের স্কোরবোর্ডে ১৫৫ রান জমা হয়েছে, তার পেছনে প্রধান অবদান বেন স্টোকস আর স্টুয়ার্ট ব্রডের। ৪৭ রানের মহামূল্যবান এক ইনিংস খেলেছেন স্টোকস। আর ৩০ রান করে শেষ পর্যন্ত অপরাজিতই ছিলেন ব্রড। তিন অস্ট্রেলিয়ান পেসার রায়ান হ্যারিস, মিচেল জনসন ও পিটার সিডলই গুঁড়িয়ে দিয়েছেন ইংল্যান্ডকে। তিনজনই পেয়েছেন তিনটি করে উইকেট।
১ উইকেটে ৮ রান নিয়ে আজ দ্বিতীয় দিনের খেলা শুরু করে কিছু বুঝে ওঠার আগেই পাঁচটি উইকেট হারিয়ে বসে ইংল্যান্ড। মাত্র ২৩ রানের মধ্যেই একে একে সাজঘরে ফেরেন অধিনায়ক কুক, জেমস অ্যান্ডারসন, কেভিন পিটারসেন ও ইয়ান বেল। ষষ্ঠ ও সপ্তম উইকেট জুটিতেই কিছুটা প্রতিরোধের চেষ্টা করেছিলেন স্টোকস। অভিষিক্ত গ্যারি ব্যালান্স ও জনি বেয়ারস্ট্রোকে সঙ্গে নিয়ে জমা করেছিলেন ৩৯ ও ৪৯ রান। কিন্তু দলীয় ১১২ রানের মাথায় স্টোকস সাজঘরে ফেরার পরই শেষ হয়ে যায় ইংল্যান্ডের প্রতিরোধ। একেবারে শেষ পর্যায়ে বোয়েড র্যানকিনের ১৩ ও ব্রডের অপরাজিত ৩০ রানের সুবাদে ১৫৫ রান জমা হয় ইংলিশ স্কোরবোর্ডে।