১৬ আগস্ট শুরু ফুটবলের দলবদল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুপার কাপ দিয়ে শেষ হচ্ছে এবারের ঘরোয়া ফুটবল। আর আগামী ১৬ আগস্ট থেকে শুরু হবে ঘরোয়া ফুটবলের নতুন মৌসুম। যেটি শেষ হবে আগামী বছর ৩০ জুন। কাল পেশাদার লিগ কমিটির সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে—স্থানীয় খেলোয়াড়দের দলবদল শুরু হবে ১৬ আগস্ট, চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। বিদেশিদেরও একই দিনে দলবদল শুরু, তবে শেষ হবে ১৫ নভেম্বর। শর্তসাপেক্ষে এবার সুপার কাপে মাঠে ঢুকতে পারবেন বিভিন্ন ক্লাবের প্রতিনিধিত্বকারী বাফুফের নির্বাহী কমিটির সদস্যরা। তবে ডাগআউটে থেকে কোনো অন্যায় করলে শাস্তিটা মাথা পেতে নেবেন, এমন লিখিত প্রতিশ্রুতি দিয়েই মাঠে ঢোকার অনুমতি পেয়েছেন তাঁরা। সিদ্ধান্ত হয়েছে আরও একটি—জুলাইয়ে ভুটানে অনুষ্ঠেয় কিংস কাপে খেলতে চাইলে ক্লাবগুলোকে যেতে হবে জাতীয় দলের খেলোয়াড় ছাড়াই।প্রিমিয়ার লিগের দলসংখ্যা বাড়ানোর একটা চিন্তাভাবনা করলেও কালকের সভায় সেটির ব্যাপারে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। ৯টি দলের সর্বশেষ প্রিমিয়ার লিগে ক্লাবগুলো মাত্র ১৬টি ম্যাচ খেলেছে। ম্যাচের সংখ্যা বাড়াতে আগামী মৌসুমে প্রিমিয়ারে ১২টি দল খেলতে পারে।