১৬ জুনেই চিলির জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপেক্ষা কি তবে এই ১৬ জুনের জন্যই ছিল?বিশ্বকাপে চিলির সেরা সাফল্য তৃতীয় হওয়া। ১৯৬২ বিশ্বকাপে নিজ দেশে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে যুগোস্লাভিয়াকে হারিয়েছিল চিলি। দিনটি ছিল ১৬ জুন। এরপর ৪টি বিশ্বকাপে ১৩টি ম্যাচ খেলেছে লাতিন আমেরিকার দেশটি, জয়ের দেখা আর পায়নি। জয় এনে দিতে পারেনি এমনকি ইভান জামোরানো ও মার্সেলো সালাসের বিখ্যাত জা-সা জুটিও। এই জুটির কল্যাণে ১৯৯৮ বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ডে চিলি উঠেছিল গ্রুপের তিন ম্যাচই ড্র করে।৪৮ বছর পর কাল আবার বিশ্বকাপে জয় পেল চিলি, তারিখটা খেয়াল করেছেন তো? ১৬ জুন! এখানেই শেষ নয়। সেদিন তারা জিতেছিল এলাদিও রেজাসের একমাত্র গোলে, কাল হন্ডুরাসের বিপক্ষে জয়টাও ওই ১-০ গোলেই।কাকতাল ভাবতে পারেন। কিন্তু ১৬ জুনে আবার চিলি জয় পাবে, এটাই যেন নিয়তির লেখা ছিল। পুরো ম্যাচে আক্রমণের ঝড় তুলেও গোল পেল তারা মাত্র একটি, সেটিও কি না আবার সৌভাগ্যের ছোঁয়ায়! ৩৪ মিনিটে বক্সের ভেতর ডান দিক থেকে মরিসিও ইসলার ক্রস হন্ডুরাসের ডিফেন্ডার বার্নারডেজের গায়ে ফিরে গোলে ঢুকল জাঁ বোশেজের গায়ে লেগে। জিতেছে অবশ্য তারা যোগ্য দল হিসেবেই। পড়িমড়ি করে চিলির আক্রমণ রুখেছে হন্ডুরাস—ম্যাচের বেশির ভাগ সময়জুড়েই এই দৃশ্যই দেখা গেছে। তবে বল আরও একবার হন্ডুরাসের জালে জড়িয়েছিল। সে গোল বাতিল হয়ে গেছে অফসাইডের জন্য। দলের মূল স্ট্রাইকার হামবার্তো সুয়াজো কাল খেলতে পারেননি, গোলখরার এটাও একটা কারণ হয়তো। তবে শুধু একজনের ওপরই যদি নির্ভর করতে হয়, আরেকটি জয়ের জন্য হয়তো চিলিকে অপেক্ষা করতে হবে আরও কোনো এক ১৬ জুনের জন্য!