অস্ট্রেলিয়া এখন ভারতে। টেস্টের প্রস্তুতি হিসেবে খেলে ফেলেছে একটি দুই দিনের ম্যাচও। কাল তাহলে ব্রিসবেনে খেলল কারা? ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টিতে কাদের গায়ে উঠল সবুজ জার্সি? টেস্ট ও টি-টোয়েন্টি এক নয়, ভিন্ন ভিন্ন দল সাজিয়ে অনেকবারই সেটার প্রমাণ দিয়েছে অস্ট্রেলীয়রা। তাই বলে ডেভিড ওয়ার্নার, শেন ওয়াটসন, ম্যাথু ওয়েড, গ্লেন ম্যাক্সওয়েলের মতো টি-টোয়েন্টি তারকাদের ছাড়াই পুরো শক্তির বিশ্ব চ্যাম্পিয়নদের চ্যালেঞ্জ জানাবে অস্ট্রেলিয়া? অনুমিত ফলই দেখল ব্রিসবেন। অস্ট্রেলিয়ার দ্বিতীয় সারির দলকে ২৭ রানে হারিয়ে দুঃস্মৃতির এক সফরে শেষ পর্যন্ত জয়ের মুখ দেখেছে ক্যারিবীয়রা। সফরের শেষ ম্যাচের এই জয় দিয়েই ১৬ বছরের জয়খরা কাটিয়েছে দলটি। ১৯৯৭ সালের পার্থ টেস্টের পর অস্ট্রেলিয়ার মাটিতে এই প্রথম অস্ট্রেলিয়াকে হারাল ওয়েস্ট ইন্ডিজ। পার্থের সেই ম্যাচের একজন কালও ছিলেন মাঠে। তবে ভূমিকা বদলে পল রাইফেল এবার আম্পায়ার হিসেবেই দেখলেন প্রায় অস্ট্রেলিয়ার এক আনকোরা দলের পরাজয়।অস্ট্রেলিয়ার সামনে ১৯২ রানের লক্ষ্য দিয়েছিল ড্যারেন স্যামিরা। অস্ট্রেলিয়া দলে কাল অভিষেক হয়েছে নাথান কোল্টার-নাইল, জশ হ্যাজলউড ও বেন রোরারের। প্রায় নতুন চেহারার দলটি তুলতে পারে ৮ উইকেটে ১৬৪ রান। দুর্দান্ত এক সেঞ্চুরি করে শেষ ওয়ানডে জেতানো অ্যাডাম ভোজেসই বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন (৩৩ বলে ৫১)। ১১তম ওভারে রানআউট হন এই ডানহাতি (৮২/৩)। তাঁর ৩ বল আগে রানআউট ভোজেসের সঙ্গে দ্বিতীয় উইকেটে ৭৪ রান যোগ করা শন মার্শও। এক ওভার পর অধিনায়ক জর্জ বেইলির বিদায়ে কার্যত ম্যাচ শেষ হয়ে যায়।মেলবোর্নে শেষ ওয়ানডেতে সেঞ্চুরিও করেও দলকে জেতাতে পারেননি জনসন চার্লস, তবে কাল জয়ের স্বাদ পেলেন। জয়টা তাঁকে আরও তৃপ্তি দেবে সবচেয়ে বেশি রান করেছেন বলে (৩৫ বলে ৫৭ রান)। ওপেনিংয়ে তাঁর সঙ্গী ক্রিস গেইল ব্যর্থ কালও। ১৭ বলে ২৬ রান করার পর ৩ উইকেট, অলরাউন্ড নৈপুণ্যের জন্য ম্যাচসেরা কাইরন পোলার্ড। ওয়েবসাইট। সংক্ষিপ্ত স্কোরওয়েস্ট ইন্ডিজ: ২০ ওভারে ১৯১/৬ (গেইল ৮, চার্লস ৫৭, ড্যারেন ব্রাভো ৩২, পোলার্ড ২৬, ডোয়াইন ব্রাভো ১৩, রাসেল ২৩*, স্যামি ২০, দেওনারায়ণ ৬*; ম্যাকাই ০/৪৪, হ্যাজলউড ১/৩৬, ফকনার ৩/২৮, কোল্টার-নাইল ১/৩৬, কাটিং ০/৪৩)। অস্ট্রেলিয়া: ২০ ওভারে ১৬৪/৮ (ফিঞ্চ ৪, মার্শ ২১, ভোজেস ৫১, বেইলি ১৫, রোরার ১৬, হাডিন ২২, ফকনার ৭, কাটিং ০, কোল্টার-নাইল ১৬*, ম্যাকাই ৬*; বেস্ট ০/১৯, স্যামি ১/৩০, নারাইন ২/১৯, রাসেল ০/৯, দেওনারায়ণ ০/৩৭, ডোয়াইন ব্রাভো ০/১৭, পোলার্ড ৩/৩০)। ফল: ওয়েস্ট ইন্ডিজ ২৭ রানে জয়ী।ম্যান অব দ্য ম্যাচ: কাইরন পোলার্ড।