১৬ বছর পর ওয়েম্বলিতে লিভারপুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে ফুরোল লিভারপুলের প্রতীক্ষা। দীর্ঘ ১৬ বছর পর ওয়েম্বলিতে খেলতে যাচ্ছে দলটি। কার্লিং কাপের সেমিফাইনাল থেকে ম্যানচেস্টার সিটিকে বিদায় করে দিয়েই ওয়েম্বলিতে খেলা নিশ্চিত করেছে অল রেডরা। ২৬ ফেব্রুয়ারি কার্ডিফ সিটির সঙ্গে ফাইনাল খেলবে লিভারপুল। লিভারপুল সর্বশেষ ওয়েম্বলিতে খেলেছে ১৯৯৬ সালে। সেবার এফএ কাপের ফাইনালে ম্যানইউর কাছে হেরেছিল তারা।পরশু ঘরের মাঠে ম্যানচেস্টার সিটিকে ২-২ গোলে রুখে দেয় লিভারপুল। প্রথম লেগে অধিনায়ক স্টিভেন জেরার্ডের একমাত্র গোলে জিতেছিল তারা। দুই লেগ মিলিয়ে ৩-২ গোলের জয়। কালও গোল করেছেন জেরার্ড, ৪১ মিনিটে সেই পেনাল্টি থেকেই। এর আগে ৩১ মিনিটে নাইজেল ডি জংয়ের গোলে এগিয়ে যায় সিটি। ৬৬ মিনিটে এডিন জেকো গোল করে সিটিকে এগিয়ে নিলেও ৭৪ মিনিটে ক্রেগ বেলামি সমতা এনে দেন লিভারপুলকে।ইতালিয়ান কাপ থেকে বর্তমান চ্যাম্পিয়ন ইন্টার মিলানকে বিদায় করে দিয়েছে নাপোলি। কোয়ার্টার ফাইনালে এডিনসন কাভানির জোড়া গোলে জয় পেয়েছে ম্যারাডোনার স্মৃতিধন্য দলটি। এই হারে সপ্তম ম্যাচে এসে ছেদ পড়ল ইন্টারের জয়ের ধারায়। এএফপি।