১৬ বছর পর কলম্বিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চিলির বিপক্ষে তিন গোলে পিছিয়ে ছিল কলম্বিয়া। সেখান থেকে জোড়া গোল করে দলকে এনে দিলেন ড্র, নিয়ে গেলেন বিশ্বকাপে। জার্সি খুলে এমন উদ্যাপন তো কলম্বিয়ার স্ট্রাইকার রাদামেল ফ্যালকাওকেই মানায় ষ এএফপি
চিলির বিপক্ষে তিন গোলে পিছিয়ে ছিল কলম্বিয়া। সেখান থেকে জোড়া গোল করে দলকে এনে দিলেন ড্র, নিয়ে গেলেন বিশ্বকাপে। জার্সি খুলে এমন উদ্যাপন তো কলম্বিয়ার স্ট্রাইকার রাদামেল ফ্যালকাওকেই মানায় ষ এএফপি

এই আর্জেন্টিনা কেবলই মেসিনির্ভর নয়—কোচ আলেসান্দ্রো সাবেলার এই দাবিটাকে আরও শক্ত ভিত্তি দিলেন লাভেজ্জি-প্যালাসিওরা।
চোটের কারণে মেসি খেলতে পারবেন না, এটা জানাই ছিল। আগেই বিশ্বকাপ নিশ্চিত করা আর্জেন্টিনার কোচ দল সাজালেন মেসির সঙ্গে হিগুয়েইন, মাচেরানো ও ফার্নান্দো গ্যাগোকেও বাইরে রেখে। মেসি না থাকায় প্রথমবার অধিনায়কত্বের আর্মব্র্যান্ড ওঠে অ্যাঙ্গেল ডি মারিয়ার বাহুতে। ১০ নম্বর জার্সিটা পরেন আগুয়েরো। তবে এঁরা নন, প্রথম পিছিয়ে পড়েও আর্জেন্টিনাকে ৩-১ গোলের জয়টি এনে দিয়েছেন লাভেজ্জি ও প্যালাসিও। লাভেজ্জি করেছেন জোড়া গোল, অন্যটি প্যালাসিও।
পরশু দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে চোখ ছিল আরও কয়েকটি ম্যাচের ওপর। তা এই ম্যাচগুলো রোমাঞ্চও কম ছড়ায়নি। ইকুয়েডরের বিশ্বকাপ টিকিট প্রায় নিশ্চিত করে ফেলা, হেরেও উরুগুয়ের অন্তত প্লে-অফে খেলা নিশ্চিত, ভেনেজুয়েলার শেষ আশাটুকও মুছে যাওয়ার রাতে ১৬ বছর পর কলম্বিয়া পেয়েছে বিশ্বকাপের টিকিট।
তবে রোমাঞ্চে-উত্তেজনায় সব ম্যাচকে বুঝি ছাপিয়ে গেছে কলম্বিয়ার মেট্রোপলিটানো মেলেন্ডেজ স্টেডিয়ামে কলম্বিয়া-চিলির ম্যাচ। ৩-৩ গোলের নাটকীয় ড্র করে ১৯৯৮-এর পর প্রথমবার বিশ্বকাপে যাওয়া নিশ্চিত করেছে কলম্বিয়া। অথচ আরতুরো ভিদালের পেনাল্টি গোল এবং বার্সেলোনার উইঙ্গার অ্যালেক্সিস সানচেজের জোড়া গোলে প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে গিয়েছিল সফরকারী চিলি। হয়তো চিলিয়ানরা বিশ্বকাপ নিশ্চিত করার স্বপ্নও দেখতে শুরু করেছিল! কিন্তু শেষ দিকে রাদামেল ফ্যালকাওয়ের দুটি পেনাল্টি গোলে ৩-৩ গোলের নাটকীয় ড্র কলম্বিয়াকে এনে দিয়েছে মহামূল্যবান একটি পয়েন্ট। এই পয়েন্টিই আর্জেন্টিনার পর দক্ষিণ আমেরিকা অঞ্চলের দ্বিতীয় দল হিসেবে কলম্বিয়াকে জায়গা দিচ্ছে ব্রাজিল বিশ্বকাপে।

হেরেও অবশ্য চিলির সরাসরি বিশ্বকাপে খেলার স্বপ্ন ভালোভাবে বেঁচে আছে। চিলিয়ানদের বিপদে ফেলতে পারত যাদের জয়, সেই উরুগুয়েকে ১-০ গোলে হারিয়ে ব্রাজিল যাওয়া প্রায় নিশ্চিত করে ফেলেছে ইকুয়েডর। ইকুয়েডর-চিলি দুই দলেরই পয়েন্ট ২৫। প্যারাগুয়ে ভেনেজুয়েলাকে ১-১ গোলে রুখে দেওয়ায় হেরেও উরুগুয়ের অন্তত পঞ্চম স্থানে থেকে বাছাইপর্ব শেষ করার বিষয়টি নিশ্চিত। ২০ পয়েন্ট পাওয়া ভেনেজুয়েলার আর কোনো ম্যাচ নেই। অন্যদিকে ২২ পয়েন্ট নিয়ে উরুগুয়ে বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচটি খেলবে আগামী পরশু, প্রতিপক্ষ পয়েন্ট তালিকার শীর্ষ দল আর্জেন্টিনা।

প্লে-অফ খেলার স্বপ্ন উজ্জ্বল করেছে মেক্সিকোও। পরশু কনক্যাকাফ অঞ্চলের বাছাইয়ে তারা ২-১ গোলে হারিয়েছে পানামাকে। আগেই বিশ্বকাপ নিশ্চিত করা যুক্তরাষ্ট্র ২-০ গোলে হারিয়েছে জ্যামাইকাকে। বিশ্বকাপ নিশ্চিত করা আরেক দল কোস্টারিকাকে ১-০ গোলে হারিয়ে সরাসরি বিশ্বকাপে খেলার স্বপ্ন উজ্জ্বল এখন হন্ডুরাসের। এএফপি।