১৬ বছরের খরা কাটাল ওয়েস্ট ইন্ডিজ
সফরের একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে স্বাগতিক অস্ট্রেলিয়াকে ২৭ রানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এর মধ্য দিয়ে দীর্ঘ ১৬ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে কোনো ম্যাচে হারানোর স্বাদ পেল ক্যারিবীয়রা। এর আগের জয়টা এসেছিল ১৯৯৭ সালে, পার্থ টেস্টে।এ ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ১৯১ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ৮ উইকেটে ১৬৪ রান করে ওয়ানডে সিরিজে ক্যারিবীয়দের ‘ধবলধোলাই’ করা অস্ট্রেলিয়া।এ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ ৫৭ রান করেন জনসন চার্লস। ড্যারেন ব্রাভোর সংগ্রহ ৩২ রান। ১৭ বলে কাইরন পোলার্ড করেন ২৬ রান। অধিনায়ক ড্যারেন স্যামি ৭ বলে ২০ রানের ঝোড়ো ইনিংস খেলেন। ১১ বলে ২৩ রান নিয়ে অপরাজিত থাকেন আন্দ্রে রাসেল। অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন জেমস ফুলনার।অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের মধ্যে অ্যাডাম ভোগস ছাড়া কেউই নিজেদের সামর্থ্যের প্রমাণ দিতে পারেননি। ৩৩ বলে ভোগস করেন ৫১ রান। দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ ব্রাড হাডিনের (২২)। এ ছাড়া শন মার্শ ২১, বেন রোহরার ১৬ ও জর্জ বেইলি ১৫ রান করেন। ১৬ রান নিয়ে অপরাজিত থাকেন নাথান নিল। ওয়েস্ট ইন্ডিজের হয়ে কাইরন পোলার্ড তিনটি এবং সুনীল নারাইন দুটি উইকেট নেন। সূত্র: ক্রিকইনফো।