নাগপুর টেস্টটা জিতে ঘরের মাটিতে সিরিজ হার এড়ানোর আপ্রাণ চেষ্টা চালাচ্ছে স্বাগতিক ভারত। সেই কারণেই হয়তো ৪ রানে পিছিয়ে থেকেই প্রথম ইনিংসের সমাপ্তি ঘোষণা করেছিলেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। কিন্তু ভারতের কাঙ্ক্ষিত জয়ের স্বপ্ন ক্রমেই কঠিন করে তুলছেন ইংলিশ ব্যাটসম্যানরা। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে তিন উইকেট হারিয়ে ১৬১ রান সংগ্রহ করে আজ নাগপুর টেস্টের চতুর্থ দিন শেষ করেছে সফরকারীরা। চতুর্থ উইকেটে ৬৭ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দিনশেষে অপরাজিত আছেন জনাথন ট্রট ও ইয়ান বেল। ৪ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করার পর খুব ধীরগতিতে ব্যাটিং করছেন ইংলিশ ব্যাটসম্যানরা। উদ্বোধনী জুটিতে ৩০ ওভার ব্যাটিং করে মাত্র ৪৮ রান যোগ করেছিলেন অ্যালিস্টার কুক ও নিক কম্পটন। ভারতকে আজ চতুর্থ দিনের প্রথম সাফল্যটি এনে দেন অশ্বিন। ১৩ রান করে ফিরে যান ইংল্যান্ড অধিনায়ক কুক। দলীয় ৮১ রানের মাথায় আরেক ওপেনার কম্পটনের উইকেট তুলে নেন প্রজ্ঞান ওঝা। এরপর খুব বেশিক্ষণ উইকেটে থাকতে পারেননি কেভিন পিটারসেন। সাজঘরে ফিরেছেন রবীন্দ্র জাদেজার শিকারে পরিণত হয়ে। চতুর্থ উইকেটে ৬৭ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দিনের বাকিটা সময় নির্বিঘ্নেই পার করেছেন জনাথন ট্রট ও ইয়ান বেল। এর আগে ৮ উইকেটে ২৯৭ রান নিয়ে আজ টেস্টের চতুর্থ দিনের খেলা শুরু করে ভারত। দলীয় ৩১৭ রানে প্রজ্ঞান ওঝার (৩) উইকেট হারায় স্বাগতিকেরা। আগের দিন ৭ রান নিয়ে ব্যাট করা রবিচন্দ্রন অশ্বিন ইনিংস ঘোষণার সময় ব্যক্তিগত ২৯ রানে অপরাজিত থাকেন।ভারতের প্রথম ইনিংসের শুরুটা ছিল হতাশায় ভরা। ইংল্যান্ডের করা ৩৩০ রানের জবাবে ব্যাট করতে নেমে ৭১ রানেই চারটি উইকেটের পতন ঘটে ভারতের। তবে পঞ্চম উইকেটে বিরাট কোহলি ও ধোনির ১৯৮ রানের জুটিতে খেলায় ফেরে ভারত। দলীয় সর্বোচ্চ ১০৩ রান করেন কোহলি। অধিনায়ক ধোনি আউট হন ৯৯ রানে। ইংল্যান্ডের হয়ে জেমস অ্যান্ডারসন চারটি ও গ্রায়েম সোয়ান তিনটি উইকেট শিকার করেন।এ টেস্টে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। চার ম্যাচের টেস্ট সিরিজে এখন পর্যন্ত ২-১-এ এগিয়ে সফরকারী দল। তাই চলমান নাগপুর টেস্ট ড্র হলেও সিরিজ যাবে ইংল্যান্ডের ঘরে।সংক্ষিপ্ত স্কোর:ইংল্যান্ড প্রথম ইনিংস: ৩৩০/১০পিটারসেন ৭৩, রোট ৭৩চাওলা ৪/৬৯, শর্মা ৩/৪৯ভারত প্রথম ইনিংস: ৩২৬/৯ ডিক্লে.কোহলি ১০৩, ধোনি ৯৯অ্যান্ডারসন ৪/৮১, সোয়ান ৩/৭৬সূত্র: ক্রিকইনফো