১৬৫ রানে গুটিয়ে গেছে পাকিস্তান
ভারত-পাকিস্তান ম্যাচ মানেই উত্তাপ-উত্তেজনার ছড়াছড়ি। চ্যাম্পিয়নস ট্রফিতে আজকের ম্যাচটার কোন গুরুত্ব না থাকলেও চিরপ্রতিদ্বন্দ্বীর বিপক্ষে হারের স্বাদ কেউই পেতে চায় না। তাই অবশেষে ম্যাচটা পরিণত হয়েছে গৌরবের লড়াইয়ে। আর বৃষ্টিবিঘ্নিত এই ম্যাচে ভালো অবস্থান তৈরি করেছে ভারত। ৪০ ওভারের খেলায় পাকিস্তানকে মাত্র ১৬৫ রানেই গুটিয়ে দিয়েছেন ভারতীয় বোলাররা। এখন ব্যাটিং বিপর্যয়ের শিকার না হলে হয়তো তিনটি ম্যাচ জিতেই সেমিফাইনালে পা রাখবে ধোনি বাহিনী। আর টানা তিনটি ম্যাচ হেরেই বিদায় নিতে হবে পাকিস্তানকে।চ্যাম্পিয়নস ট্রফির প্রথম দুইটি ম্যাচ হেরে বিদায়টা আগেই নিশ্চিত হয়ে গেছে পাকিস্তানের। তারপরও চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নেমেছিল মিসবাহ বাহিনী। কিন্তু টসে হেরে ব্যাট করতে নেমে ভালো পারফরমেন্স দেখাতে পারেননি পাকিস্তানের ব্যাটসম্যানরা। তৃতীয় ওভারেই নাসির জামশেদের বিদায়ের পর দ্বিতীয় উইকেটে ৪৬ রানের জুটি গড়েছিলেন মোহাম্মদ হাফিজ ও কামরান আকমল। ইঙ্গিত দিয়েছিলেন ঘুরে দাঁড়ানোর। কিন্তু পাকিস্তান শিবিরে আঘাত হানেন ভুবনেশ্বর কুমার। ২৭ রান করে ফিরে যান হাফিজ। দুই ওভার পরে আকমলের উইকেট তুলে নিয়ে পাকিস্তানকে চাপের মুখে ফেলে দেন রবীচন্দ্রন অশ্বিন। চতুর্থ উইকেটে মিসবাহ আর আসাদ শফিকের ৫৪ রানের ইনিংসটাই ছিল পাকিস্তানের শেষ প্রতিরোধ। ২৭তম ওভারে মিসবাহ সাজঘরে ফেরার পর শুরু হয় পাকিস্তানের ব্যাটিং বিপর্যয়। পঞ্চম ব্যাটসম্যান হিসেবে যখন শফিক আউট হন তখন দলের সংগ্রহ ছিল ১৩১ রান। এরপর স্কোরবোর্ডে মাত্র ৩৪ রান যোগ করতে পেরেছেন পাকিস্তানের বাকি পাঁচ ব্যাটসম্যান। দলের পক্ষে সর্বোচ্চ ৪১ রানের ইনিংসটি খেলেছেন আসাদ শফিক।ভারতের পক্ষে দুইটি করে উইকেট পেয়েছেন ভুবনেশ্বর কুমার, ইশান্ত শর্মা, অশ্বিন ও রবীন্দ্র জাদেজা।ক্রিকেট ম্যাচের সর্বশেষ ফলাফল জানতে: যে কোনো মোবাইল ফোন থেকে C লিখে পাঠিয়ে দিন ২২২১ নম্বরে