শ্রীলঙ্কা সফরের প্রথম টেস্টে ১০ উইকেটের বড় ব্যবধানে হেরে গেলেও দ্বিতীয় টেস্টে ১৬৭ রানের জয় দিয়ে সিরিজে সমতা আনল সফরকারী নিউজিল্যান্ড। জয়ের জন্য ৩৬৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংস শেষ হয়েছে ১৯৫ রানে। শ্রীলঙ্কার ব্যাটিং বিপর্যয়ের মধ্যে লড়াই করেছেন শুধু অ্যাঞ্জেলো ম্যাথুস। ৮৪ রান করে শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হয়েছেন এই ডানহাতি ব্যাটসম্যান। নিউজিল্যান্ডের পক্ষে দ্বিতীয় ইনিংসে তিনটি করে উইকেট পেয়েছেন টিম সাউদি ও ট্রেন্ট বোউল্ট।গতকাল কলম্বো টেস্টের চতুর্থ দিনেই জয়ের কাজটা অনেকখানি এগিয়ে রেখেছিল নিউজিল্যান্ড। ৪ উইকেটে মাত্র ৪৭ রান নিয়ে আজ পঞ্চম দিন শুরু করেছিল স্বাগতিক শ্রীলঙ্কা। ষষ্ঠ উইকেটে বেশ কিছুক্ষণ উইকেটে থেকে ম্যাচ বাঁচানোর চেষ্টা করেছিলেন অ্যাঞ্জেলো ম্যাথুস ও প্রসানা জয়াবর্ধনে। ৩৬ ওভার ব্যাট করে এই জুটি থেকে তাঁরা সংগ্রহ করেছিলেন ৫৬ রান। কিন্তু লঙ্কান ইনিংসের ৬১তম ওভারে এই জুটি ভেঙে কিউইদের জয় প্রায় নিশ্চিত করে ফেলেন অভিষিক্ত টোড অ্যাস্টল। ২৯ রান করে ফিরে যান জয়াবর্ধনে। এরপর শ্রীলঙ্কার বাকি চারটি উইকেট তুলে নিতে খুব বেশি ঘাম ঝরাতে হয়নি কিউই বোলারদের। ২২৮ বলে ৮৪ রানের এক ধৈর্যশীল ইনিংস খেলে লঙ্কান শিবিরে আশার আলো জ্বালিয়ে রেখেছিলেন ম্যাথুস। লড়াকু এই ইনিংসের পর শেষ ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরেন তিনি।প্রথম ইনিংসে ১৪২ ও দ্বিতীয় ইনিংসে ৭৪ রান করে ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক রস টেলর।