১৭ জানুয়ারি শুরু বিপিএল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম আসরের ঝামেলাই এখনো মেটেনি। খেলোয়াড়দের পাওনা, ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে বিসিবির চুক্তি—এ রকম আরও অনেক ব্যাপারই এখনো জট পাকিয়ে আছে। আয়োজকদের অব্যবস্থাপনাসহ আরও অনেক কিছু মিলিয়ে বিপিএলের ভবিষ্যতের সামনে বড় এক প্রশ্নবোধক চিহ্নই ছিল। তবে এসব সত্ত্বেও বিপিএলের দ্বিতীয় আসরের সময়সূচি ঘোষণা করেছে বিসিবি। আগামী বছরের ১৭ জানুয়ারি শুরু হবে টুর্নামেন্টটি। বিসিবির গত বুধবারের সভাতেই চূড়ান্ত করা হয়েছে বিস্তারিত কার্যসূচি। ওই সভাতেই সব ফ্র্যাঞ্চাইজিকে ২০ অক্টোবরের মধ্যে সব দেনা-পাওনা পরিশোধ করে নতুন করে চুক্তি করতে বলা হয়েছে।আগামী ৯ নভেম্বর ফ্র্যাঞ্চাইজিগুলোর নিলাম হবে। খেলোয়াড়দের নিলাম ৭ ডিসেম্বর। গতবার খেলা হয়েছিল শুধু ঢাকা ও চট্টগ্রামে। এবার খেলা হবে খুলনাতেও। তবে পরিবর্তন এসেছে চট্টগ্রামের ভেন্যুতে, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের পরিবর্তে এবার খেলা হবে এমএ আজিজ স্টেডিয়ামে। ভেন্যু হিসেবে সিলেট ও রাজশাহীর নাম থাকলেও এই ভেন্যু দুটিতে শুধু প্রস্তুতি ম্যাচ হবে।এবার নিলামে ভিত্তিমূল্যের পাশাপাশি ক্রিকেটারদের সর্বোচ্চ মূল্যও বেঁধে দেওয়া হয়েছে। কোনো ফ্র্যাঞ্চাইজি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে কিনতে পারবে না কাউকে। খেলোয়াড়দের গোল্ডেন, বিদেশি ও বাংলাদেশি—এই তিন ক্যাটাগরিতে ভাগ করা হবে। গোল্ডেন ক্যাটাগরিতে ভিত্তিমূল্য ৭৫ হাজার ডলার, সর্বোচ্চ মূল্য দেড় লাখ ডলার। বিদেশি ক্যাটাগরিকে আবার তিনটি সাব-ক্যাটাগরি ‘এ’ (ভিত্তি ৫০ থেকে ৭৫ হাজার ডলার), ‘বি’ (৩০-৫০ হাজার ডলার) ও ‘সি’তে (১৫-৩০ হাজার ডলার) ভাগ করা হয়েছে। বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যেও তিনটি সাব-ক্যাটাগরি—‘এ’ (৩০-৫০ হাজার ডলার), ‘বি’ (২০-৩০) ও ‘সি’ (১০-২০)। এবার কোনো আইকন খেলোয়াড় থাকছেন না। তার পরিবর্তে গোল্ডেন ক্যাটাগরিতে দেশি-বিদেশি মিলিয়ে ১০-১২ জন নির্বাচিত ক্রিকেটারের একটি তালিকা করা হবে, সেখান থেকেই প্রতিটি দল সর্বোচ্চ দুজন খেলোয়াড় কিনতে পারবে।