‘আমাদের মাথা থেকে অস্ট্রেলিয়া-ভূত নেমে গেছে।’ ১৮ মার্চ দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে সাড়ে পাঁচ বছর পর পাওয়া জয় শেষে এই ছিল ম্যাচসেরা সুনীল নারাইনের প্রতিক্রিয়া। ক্যারিবীয়দের মন থেকে অস্ট্রেলিয়া-ভীতি যে কেটে গেছে পরের দুই ম্যাচেই সেটা প্রমাণিত। তৃতীয় ম্যাচে জিততে জিততে টাই। পরশু চতুর্থ ম্যাচে বলতে গেলে পাত্তাই পেল না অস্ট্রেলিয়া। নিজের মাঠে কাইরন পোলার্ডের বিধ্বংসী এক ইনিংসে চড়ে ড্যারেন স্যামির দল জিতেছে ৪২ রানে।সেন্ট লুসিয়ার এই জয় ক্যারিবীয়দের দিচ্ছে আরও বড় অর্জনের হাতছানি। আজ একই মাঠে সিরিজের পঞ্চম বা শেষ ম্যাচ। এ ম্যাচে জিতলেই অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৭ বছর পর ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে সিরিজ জয়ের আনন্দোৎসব। অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ তারা ওয়ানডে সিরিজ জিতেছিল ১৯৯৫ সালে, সেটাও দেশের মাটিতে। আজ জিতলে আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে নিউজিল্যান্ডকে টপকে সাত নম্বরে উঠে যাবে ওয়েস্ট ইন্ডিজ। শুরুটা ভালো হলেও আদ্রিয়ান বারাথ আউট হওয়ার পর ঝিমিয়ে পড়ে স্বাগতিকেরা। কিন্তু শেষ দিকে পোলার্ড-ঝড় তাদের দেয় ২৯৪ রানের বিশাল পুঁজি। পোলার্ড মাত্র ৭০ বলে ৮ ছক্কা ও ৫ চারের সাহায্যে করেন ১০২ রান। ২ ছয়, ৩ চারে ১৩ বলে অপরাজিত ৩১ রান করে অধিনায়ক স্যামিও রেখেছেন দারুণ ভূমিকা। অস্ট্রেলিয়া ইনিংসেরও শেষ দিকে ছিল ব্যাটিং-বিনোদন। বল হাতে ১০ ওভারে ৭২ রান দেওয়া ব্রেট লি জ্বলে ওঠেন ব্যাট হাতে। ৫ ছক্কা, ৫ চারে ৪৮ বলে খেলেন তাঁর ক্যারিয়ার-সেরা ৫৯ রানের ইনিংস। কিন্তু তার আগেই ম্যাচ শেষ! লির অসাধারণ ইনিংসটি বিফলে গেছে টপ-অর্ডারের ব্যর্থতায়। ১১২ রানেই শীর্ষ পাঁচ ব্যাটসম্যানকে হারিয়ে ফেলে অস্ট্রেলিয়া। ষষ্ঠ উইকেটে ম্যাথু ওয়েডের সঙ্গে ডেভিড হাসির ৬৭ রানের জুটি প্রাণ ফিরিয়েছিল বটে; কিন্তু জুটি ভাঙতেই অস্ট্রেলিয়ার আশা কার্যত শেষ।স্যামি এবং অস্ট্রেলীয়র অধিনায়ক শেন ওয়াটসন দুজনই কৃতিত্ব দিয়েছেন ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি করা পোলার্ডকে। ওয়াটসনের কথা, ‘কোনো সন্দেহই নেই, এটা ছিল পোলার্ডের অসাধারণ ব্যক্তিগত পারফরম্যান্সের একটা ঝলক।’ তবে ওয়াটসনের দাবি, এই লক্ষ্যটাও তাঁরা তাড়া করতে পারতেন, কিন্তু ওপরের ব্যাটসম্যানদের ব্যর্থতায় হয়নি। তিন তিনটা ক্যাচ ফেলাও ম্যাচ হাতছাড়া হওয়ার একটা কারণ। এএফপি।সংক্ষিপ্ত স্কোরওয়েস্ট ইন্ডিজ: ৫০ ওভারে ২৯৪/৭ (চার্লস ৩৭, বারাথ ৪১, স্যামুয়েলস ১১, ড্যারেন ব্রাভো ২৫, ডোয়াইন ব্রাভো ০, পোলার্ড ১০২, রাসেল ৩৪, স্যামি ৩১*, বাফ ০*; লি ২/৭২, হিলফেনহস ০/৪৩, ম্যাকাই ১/৫৭, ওয়াটসন ২/৫৬, ডোহার্টি ২/৬৪)। অস্ট্রেলিয়া: ৪৬.৩ ওভারে ২৫২ (ওয়াটসন ২৮, ওয়ার্নার ১, ফরেস্ট ২৪, বেইলি ২৫, মাইক হাসি ২৬, ডেভিড হাসি ৫৭, ওয়েড ১৫, লি ৫৯, ম্যাকাই ২, ডোহার্টি ১, হিলফেনহস ০*; রোচ ২/৭৪, ডোয়াইন ২/৪৭, নারাইন ১/২১, স্যামি ২/৪২, রাসেল ২/৩৪, স্যামুয়েলস ০/১৭, পোলার্ড ১/১৬)।ফল: ওয়েস্ট ইন্ডিজ ৪২ রানে জয়ী। ম্যাচ অব দ্য ম্যাচ: কাইরন পোলার্ড।