১৭ ভাইবোনের জন্য...
দেশের সম্মান তো প্রায় সবার কাছেই সবকিছুর আগে। নরদাইন ওউবালিও চান দেশের জন্য একটি সোনা জিততে। তবে অলিম্পিকের বক্সিং সেন্টারে শুধু ফ্রান্সের জাতীয় সংগীত বাজানোই নয়, সোনাটা নরদাইনের খুব করে চাই আরেকটা কারণেও। তাঁর সোনা জয়ের আশায় দেশে প্রতীক্ষায় যে ১৭ ভাইবোন!না, সংখ্যটা ভুল পড়েননি। নরদাইনরা ১৮ ভাইবোনই। ‘একটি হলে দুটি নয়, দুটি হলে আর নয়’—জন্মনিয়ন্ত্রণের এই স্লোগান কোনোভাবেই প্রভাব ফেলতে পারেনি ওউবালি পরিবারে। বরং ‘বড় পরিবার সুখী পরিবার’ মতবাদে বিশ্বাসী হয়ে একের পর এক সন্তানের জন্ম দিয়ে গেছেন নরদাইনের বাবা-মা। নরদাইন পৃথিবীতে আসার আগেই তাঁর ভাইবোনদের নিয়ে একটি ক্রিকেট দল গড়া যেত দ্বাদশ ব্যক্তিসহ। নরদাইনের পরে এসেছে আরও পাঁচজন!বিশাল পরিবার হলে যা হয়, ওউবালি পরিবারকেও প্রতিনিয়ত লড়াই করতে হয়েছে টিকে থাকার জন্য। নরদাইনের লড়াই শুরু তো জন্ম থেকেই। মায়ের গর্ভ থেকে পৃথিবীর আলোতে চলে আসেন মাত্র সাত মাসে। ‘সেটাই আমার প্রথম লড়াই’, নিজের ওয়েবসাইটে লিখেছেন নরদাইন। তাঁর বক্সিংয়ে আসা অনেকটাই রিলে দৌড়ের ব্যাটন পাওয়ার মতো। বক্সিং প্রথমে শুরু করেছিলেন বড় ভাই মুসা। পরে পড়াশোনার চাপে মুসা রিং ছাড়লে বক্সিং শুরু করেন আরেক ভাই আলি। সেনাবাহিনীতে যোগ দিয়ে বক্সিং ছাড়েন আলিও, এবার রিংয়ে নামেন ইসমাইল। একসময় ইসমাইলও ছেড়ে দিলে শেষ পর্যন্ত বক্সিংকে আপন করে নেন নরদাইন।অনেক কাঠখড় পুড়িয়ে ফ্রান্সের জাতীয় চ্যাম্পিয়ন হন ২০০৬ সালে। ২০০৭ সালে বিশ্ব অ্যামেচার বক্সিং চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতে প্রথম নজর কাড়েন বিশ্বমঞ্চে। এবার জিততে চান অলিম্পিক সোনা। ফ্লাইওয়েটে আফগানিস্তানের আজমল ফয়সালকে হারিয়ে এক পা এগিয়েছেন সেই লক্ষ্যে। ভাইবোনের জনসমুদ্র নিয়ে কিন্তু বিন্দুমাত্র লজ্জা বা হীনম্মন্যতা নেই নরদাইনের। বরং গর্বিত কণ্ঠে ২৫ বছর বয়সী বক্সার জানালেন জিততে চান ওই ভাইবোনদের জন্যই, ‘আমি এখানে হারতে আসিনি। আমি এসেছি বিজয়ী হতে। আমি সোনা চাই, শুধু নিজের জন্য নয়, আমার পরিবারের জন্য। ১৮ ভাইবোনের পরিবারে থেকে আমি নিজেকে ভাগ্যবান মনে করি। ওদের জন্যই আমি বক্সিংয়ে এসেছি, ওদের কাছে আমি “লিটল চ্যাম্পিয়ন”। আমি ওদের মুখে হাসি ফোটাতে চাই।’তবে দেশের প্রতি দায়বদ্ধতার কথাও মনে আছে তাঁর। অনেক বছর আগে মরক্কো থেকে আসা ওউবালি পরিবারকে আপন করে নিয়েছিল ফ্রান্স। এবার কিছুটা ফেরত দিতে চান নরদাইন, ‘সোনা জিতে আমি ফ্রান্সের প্রতি কৃতজ্ঞতা জানাতে চাই।’ এএফপি।