১৭ ম্যাচ পর ভারত...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এত প্রতীক্ষার পর জয়ের দেখা— উদ্যাপনটা আরেকটু কি প্রাণবন্ত হতে পারত? দুই অপরাজিত ব্যাটসম্যানের করমর্দন, হাসিমুখে ড্রেসিংরুমে ফেরা—উদ্যাপন বলতে এই। জয়টা টি-টোয়েন্টিতে বলেই হয়তো এমন পরিমিত উদ্যাপন, কিংবা হারতে হারতে উদ্যাপনের আগ্রহটাই হারিয়ে ফেলেছে ভারত! উদ্যাপন যেমনই হোক, ভারতের বড় এক স্বস্তি হয়েই এসেছে এই জয়। মেলবোর্নে কাল ৮ উইকেটে জিতে টি-টোয়েন্টি সিরিজ ১-১ করেছে ভারত। তবে এই জয়ের মাহাত্ম্য সিরিজে হার বাঁচানোর চেয়েও অনেক বেশি। বিদেশের মাটিতে ভারত যে জিতল ১৭ ম্যাচ পর! সর্বশেষ জয় ছিল গত জুনে জ্যামাইকা টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে (৬৩ রানে)। এরপর ওই সিরিজের বাকি দুই টেস্ট, ইংল্যান্ডে চার টেস্ট, একটি টি-টোয়েন্টি ও পাঁচ ওয়ানডে, অস্ট্রেলিয়ায় চার টেস্ট ও একটি টি-টোয়েন্টিতে জয়ের স্বাদ পায়নি বিশ্ব চ্যাম্পিয়ন ও টেস্টের সাবেক এক নম্বররা। অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ শেষ হলে মহেন্দ্র সিং ধোনি বলেছিলেন, তরুণেরা এসে দলে নতুন প্রাণশক্তি জোগাবে, ফিল্ডিং দারুণ হবে। কাল ভারত জিতল মূলত ফিল্ডিং জাদুতেই। ৩ ওভারে ১৬ রান দিয়ে ডেভিড হাসির উইকেট, ব্যাটিংয়ে নামতেই হয়নি। তবু রবীন্দ্র জাদেজা ম্যাচসেরা ওই ফিল্ডিংয়ের কারণেই। দুটি রানআউট করেছেন, পুরো ইনিংসেই এই অলরাউন্ডারের ফিল্ডিং ছিল দুর্দান্ত। ফিল্ডিং দুর্দান্ত ছিল আসলে গোটা দলেরই, পুরো সফরে প্রথমবারের মতো মনে হয়েছে প্রাণচাঞ্চল্য বলে কিছু আছে ভারতীয় দলের শরীরী ভাষায়। অস্ট্রেলিয়ার ৪ উইকেট পড়েছে রানআউটে।ম্যাচের শুরু ও শেষ অবশ্য বলতে গেলে গৌতম গম্ভীরের হাতে। ওয়ার্নারের দারুণ এক ক্যাচ নিয়ে অস্ট্রেলিয়াকে দিয়েছিলেন প্রথম ধাক্কা, দলকে জয় এনে দেওয়া চারও তাঁর ব্যাট থেকেই। আগের ম্যাচ থেকে তিনটি পরিবর্তন এনে দল সাজায় অস্ট্রেলিয়া, ওয়েডকে নামানো হয় নিচে। ওয়েড তার পরও করেছেন ২৯ বলে ৩২, ওপেনিংয়ে ফিরে অ্যারন ফিঞ্চ ২৩ বলে ৩৬। সফরের সেরা ওপেনিং জুটিতে (৪৩, আগের সেরা ২৭!) ভারত শুরু থেকেই ছিল জয়ের রাস্তায়। সময়োপযোগী ইনিংস খেলে জয় নিয়ে ফিরেছেন গম্ভীর। এই দুই দলের ম্যাচ দিয়েই কাল শুরু ত্রিদেশীয় সিরিজ।অস্ট্রেলিয়া: ১৯.৪ ওভারে ১৩১ (ওয়ার্নার ৮, ফিঞ্চ ৩৬, শন মার্শ ০, হাসি ২৪, বেইলি ৩, ওয়েড ২৪, মিচেল মার্শ ১৩, লি ৬*, ম্যাকে ০, হগ ৪, ডোহার্টি ১; প্রাভিন ২/২১, রাহুল ২/২৯, জাদেজা ১/১৬, বিনয় ১/২৫)। ভারত: ১৯.৪ ওভারে ১৩৫/৪ (গম্ভীর ৫৬*, শেবাগ ২৩, কোহলি ৩১, ধোনি ২১*; হগ ১/১৯, মিচেল মার্শ ১/৩০)। ফল: ভারত ৮ উইকেটে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: রবীন্দ্র জাদেজা।