১৭১ ম্যাচের পরে জয়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেটলি রিজার্ভকে হারিয়ে ১৭১ ম্যাচ জয়খরা ঘোচানো টানস্টল টাউনের সেই ‘ঐতিহাসিক’ দল!
বেটলি রিজার্ভকে হারিয়ে ১৭১ ম্যাচ জয়খরা ঘোচানো টানস্টল টাউনের সেই ‘ঐতিহাসিক’ দল!

এ খবর পড়ার আগে জানা জরুরি, ‘টানস্টল টাউন এফসি’টা কী? নামের শেষে যেহেতু ‘এফসি’ রয়েছে, তাই বোঝাই যাচ্ছে এটি একটি ফুটবল ক্লাব। খেলে ইংল্যান্ডের স্টাফোর্ডশায়ার কাউন্টি লিগ ডিভিশন দুইয়ে। এ ক্লাবটিই এক ‘অভাবনীয় কীর্তি’ গড়েছে সম্প্রতি। আগেই বলে নেওয়া ভালো, সে কীর্তির কথা শুনে কিন্তু একদমই রসিকতা করা যাবে না! ১৭১ ম্যাচ জয়হীন থাকার পর অবশেষে জয়ের দেখা পেয়েছে ক্লাবটি!
ক্লাবটি সর্বশেষ জয় পেয়েছিল কবে? স্মৃতির ধুলো সরিয়ে দেখা যায়, সেই ২০০৭ সালের সেপ্টেম্বরে। এরপর শুধু পরাজয় আর পরাজয়। এ সময়ে প্রতিপক্ষ দলগুলো টানস্টলকে নিয়ে কেবলই খেলেছে আর পর্যুদস্ত করার আনন্দে নেচেছে। হারতে হারতে ক্লান্ত, বিধ্বস্ত দলটি প্রায় সাড়ে ছয় বছর পর জয়ের দেখা পেল অবশেষে। শনিবার তারা ২-১ ব্যবধানে হারিয়েছে বেটলি রিজার্ভকে। এর আগে ১৭১টি ম্যাচের ১৬৯টিতেই হেরেছিল তারা, বাকি দুটো ম্যাচ হয়েছিল ড্র। আধা পেশাদার ক্লাবটি নিজেদের ইতিহাসের সবচেয়ে বাজে দলগুলোর একটির দাবি করতেই পারে!
জয় পেয়ে দলের কোচ জর্জ ডের উচ্ছ্বাস তাই উপচে পড়া। বললেন, ‘সবাই ভীষণ আনন্দিত। আমরা লম্ফঝম্ফ করেছি, একে অপরকে জড়িয়ে ধরেছি।’ এরপর এক মজার তথ্য দিলেন কোচ, ‘রেফারিও আমাদের সঙ্গে ছবি তুলতে চেয়েছেন। কারণ তিনি আমাদের জয়ের মুহূর্তে উপস্থিত ছিলেন।’
সবাই সাফল্যের পূজারি। ক্রীড়া ক্ষেত্রে এ অমোঘ বাণী যেন আরও বেশি প্রযোজ্য। দীর্ঘদিন ধরে জয়বঞ্চিত থেকে ক্লাবটিকে নিশ্চয় সমর্থক-স্পনসর কিংবা নানা পক্ষের নেতিবাচক কথা শুনতে হয়েছে। দীর্ঘদিন ধরে এ প্রতিকূল পরিস্থিতি কীভাবে সামাল দিয়েছে ক্লাব কর্তৃপক্ষ, অবাক করার মতো বিষয় বইকি! ওয়েবসাইট।