১৭৭ রানে এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ড্যারেন ব্রাভো, মারলন স্যামুয়েলসের পর আজ খুলনা টেস্টে শতকের দেখা পেয়েছেন শিবনারায়ন চন্দরপলও। এই তিনজনের ভালো ব্যাটিংয়ের সুবাদে প্রথম ইনিংসে ১৭৭ রানের লিড নিয়ে আজ তৃতীয় দিন শেষ করেছে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। ৪ উইকেট হারিয়ে ওয়েস্ট ইন্ডিজের স্কোরবোর্ডে যোগ হয়েছে ৫৬৪ রান। চন্দরপল দিনশেষে অপরাজিত আছেন ১০৯ রানে। ১০৯ রানে অপরাজিত থেকে তৃতীয় দিন শুরু করার পর আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরির দেখা পান মারলন স্যামুয়েলস। আজ তৃতীয় দিনের প্রায় পুরোটা সময়ই উইকেটে ছিলেন এই ডানহাতি ব্যাটসম্যান। এগিয়ে যাচ্ছিলেন ট্রিপল সেঞ্চুরির দিকেও। কিন্তু ব্যক্তিগত ২৬০ রানের মাথায় তাঁকে সাজঘরে ফিরিয়ে বাংলাদেশী শিবিরে স্বস্তি ফিরিয়েছেন রুবেল হোসেন।৮৫ রান নিয়ে আজ তৃতীয় দিন শুরু করার পর শুরুতেই সেঞ্চুরির দেখা পান ড্যারেন ব্রাভো। তবে এরপর বেশি দূর যেতে পারেননি তিনি। ব্যক্তিগত ১২৭ রানে থাকা ব্রাভোকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন সোহাগ গাজী। স্যামুয়েলস-ব্রাভোর ৩২৬ রানের দুর্দান্ত জুটিটা ভাঙেন মিরপুর টেস্টে অভিষিক্ত হওয়া এই অফস্পিনার।গতকাল খুলনা টেস্টের দ্বিতীয় দিনে দলীয় ৩৭ রানে প্রথম উইকেটে হারিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। রুবেল হোসেনের বলে সাকিব আল হাসানের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন কাইরন পাওয়েল (১৩)। দলীয় সংগ্রহে ছয় রান যোগ হতে বিদায়ঘণ্টা বাজে আরেক উদ্বোধনী ব্যাটসম্যান ক্রিস গেইলের (২৫)। গেইলকে ফেরান সোহাগ গাজী। দলীয় ৩৬৯ রানে ব্রাভোকে ফিরিয়ে বাংলাদেশকে ‘ব্রেক থ্রো’ও এনে দিয়েছেন এই অফস্পিনার। প্রথম ইনিংসে বাংলাদেশের করা ৩৮৭ রানের জবাবে গতকাল বৃহস্পতিবার ধীরগতির ব্যাটিং প্রদর্শন করেন ক্যারিবীয় ব্যাটসম্যানরা। নিজেদের ‘ধীরে চলো’ নীতির কথা স্বীকার করে দিনের খেলা শেষে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ড্যারেন স্যামি জানিয়েছিলেন, শুক্রবারও একইভাবে ব্যাট করে পুরো দিন কাটানোর লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজের। তবে সেই নীতি থেকে বেরিয়ে আজ দ্রুত রান তুলছেন ক্যারিবীয় ব্যাটসম্যানরা।খুলনা টেস্টে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। প্রথম দুই দিনে দুই দলের ব্যাটিংয়ের ধরনটা এবার দেখুন। প্রথম দিনেই মুশফিকুর রহিমের দলের সংগ্রহ দাঁড়ায় ৩৬৫ রান। অথচ গতকাল সারা দিনে আসে ২৬৩ রান। এর মধ্যে অবশ্য ২২ রান বাংলাদেশের। পরশু আবুল হাসান-মাহমুদউল্লাহ জুটিতে ৩০ ওভারে এসেছিল ১৭২ রান। আর কাল ব্রাভো-স্যামুয়েলস জুটিতে ১৯৮ রান এল ৬৯.২ ওভারে।