১৭৯ ম্যাচ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেষ পর্যন্ত রেকর্ডটা করলেন আহমেদ হাসান। মিসর জাতীয় ফুটবল দলের এই মিডফিল্ডারই এখন সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ (১৭৯টি) খেলা ফুটবলার। পরশু কাতারের রাজধানী দোহায় নাইজারের বিপক্ষে খেলতে নেমেই তিনি ছাড়িয়ে গেলেন সৌদি আরবের গোলরক্ষক মোহাম্মদ আল দেইয়াকে। ম্যাচ শেষ হওয়ার ১৪ মিনিট আগে কোচ বব ব্র্যাডলি মাঠে নামান হাসানকে। খেলায় ১-০ গোলে জিতেছে মিসর। ৩৬ বছর বয়সী এই ফুটবলারের রেকর্ডটি হয়ে যেতে পারত গত সোমবারই। প্রতিপক্ষ কেনিয়া অনূর্ধ্ব-২৩ দল নামিয়ে দেওয়ায় সেটি আর আন্তর্জাতিক ম্যাচ হিসেবে গণ্য হয়নি।১৯৯৫ সালে ঘানার বিপক্ষে এক প্রীতি ম্যাচ দিয়েই আন্তর্জাতিক অভিষেক আহমেদ হাসানের। গত মাসের পোর্ট সৈয়দের মর্মান্তিক ঘটনার কথা মনে করে পরশু মাইলফলক ছোঁয়ার দিনেও বিষাদে আচ্ছন্ন ছিল হাসানের মন। নিজের ওয়েবসাইটে লিখেছেন, ‘অবশ্যই এই অর্জনটা নিয়ে আমি তৃপ্ত, কিন্তু তৃপ্তিটা পুরো হয়নি। পোর্ট সৈয়দের সেই মর্মান্তিক ঘটনায় আল আহলির সমর্থকদের মৃত্যুতে আমার মন এখনো খারাপ।’ এএফপি।