প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আর্থিক লাভক্ষতির হিসাব-নিকাশ আছে বলেই বাংলাদেশকে এখনো কোনো টেস্ট সিরিজে আতিথ্য দেয়নি ভারত। এতে কিন্তু একদিক দিয়ে তাদেরই ক্ষতি। শচীন টেন্ডুলকারের রেকর্ডের মুকুটে আরেকটি পালক যোগ হতে পারছে না। নয়টি টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে হোম-অ্যাওয়ে দুই জায়গাতেই টেস্ট জেতার রেকর্ড। ১৮টির জায়গায় টেন্ডুলকার টেস্ট জিতেছেন ১৭টিতে। এই নৌকায় পা রাহুল দ্রাবিড়েরও। পাকিস্তানে গিয়ে টেস্ট জেতা হয়নি বলে রিকি পন্টিংও জিতেছেন ১৭টি জায়গায়। অবশ্য নিরপেক্ষ ভেন্যুতে পাকিস্তানকে শ্রীলঙ্কা ও শারজায় হারানোর স্বাদ পেয়েছেন তিনি। ৯ প্রতিপক্ষের বিপক্ষে হোম-অ্যাওয়ে দুই জায়গায়, মানে আঠারোর কোটা পূরণ করেছেন কেবল দক্ষিণ আফ্রিকার মার্ক বাউচার ও জ্যাক ক্যালিস। ১৭টি জায়গায় টেস্ট জেতার আর রেকর্ড আছে ইনজামাম-উল হক ও মাখায়া এনটিনির।