১৮ বছর পর ক্যালিস...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেষ পর্যন্ত স্বীকৃতিটা পেলেন জ্যাক ক্যালিস, আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘ ১৮ বছর কাটিয়ে দেওয়ার পর। বিশ্বসেরা অলরাউন্ডারের অবশেষে জায়গা হলো ক্রিকেটের বাইবেল খ্যাত উইজডেনের বর্ষসেরাদের একজন হওয়ার। তো কেন এত দেরিতে এল স্বীকৃতিটা, যেখানে অনেক গড়পড়তা ক্রিকেটারও পেয়ে গেছেন এই সম্মান!উইজডেনে বর্ষসেরাদের তালিকায় জায়গা পেতে হলে ইংল্যান্ডে ভালো খেলতেই হবে। কারণ, উইজডেনের নির্বাচনটা শুধু ইংল্যান্ডের চৌহদ্দিতে হওয়া ক্রিকেটেই আবদ্ধ। আর এই জায়গাতেই পিছিয়ে ছিলেন ক্যালিস। অলরাউন্ড নৈপুণ্যে পুরো ক্রিকেট-বিশ্ব মাতালেও ইংল্যান্ডে এসেই যেন খেই হারিয়ে ফেলতেন এই দক্ষিণ আফ্রিকান। টেস্টে ক্যালিসের ক্যারিয়ার ব্যাটিং গড় যেখানে ৫৬.১০, ইংল্যান্ডের মাটিতে সেটা মাত্র ৩৫.৩৩। গড়টা ভদ্রস্থ হয়েছে গত ইংল্যান্ড সফরে ৬৫.৫০ গড়ে ২৬২ রান করাতেই। এর আগের তিনটি সফরে ১২ ম্যাচ খেলে তাঁর গড় ছিল ত্রিশেরও নিচে।গত বছর ইংল্যান্ডকে ইংল্যান্ডের মাটিতে হারিয়েই টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে বসেছে দক্ষিণ আফ্রিকা, যাতে অবদান রেখেই প্রাপ্য স্বীকৃতিটা আদায় করে নিয়েছেন ক্যালিস। আইপিএল খেলতে ক্যালিস এখন ভারতে। সেখান থেকেই কলকাতা নাইট রাইডার্সের ওয়েবসাইটে জানালেন নিজের অনুভূতি, ‘এটা দারুণ এক সম্মান। দক্ষিণ আফ্রিকার হয়ে বেশ ভালো একটা মৌসুম কাটিয়েছি। পুরস্কার পেলাম সেটারই।’ তবে বিনয়ের সঙ্গে জানিয়েছেন, স্বীকৃতিই তাঁর ভালো খেলার তাড়না নয়, ‘আমি ওই সব প্রশংসা বা স্বীকৃতির জন্য খেলি না। আমি খেলি সেই লক্ষ্যেই, যাতে আমার দল জেতে। স্বীকৃতিটা যেমন চমৎকার, তেমনি চমৎকার দলের হয়ে ভালো একটি বছর কাটানোটাও।’১৮ বছর ধরে সমানতালে খেলে যাওয়া মোটেই সহজ কাজ নয়। সেটা আবার ক্রিকেটের তিন সংস্করণেই নিয়মিত করে যাচ্ছেন ক্যালিস। নিজের খেলাটাকে উৎকর্ষের চরম শিখরে নিয়ে যাওয়া ক্যালিসের প্রশংসায় ভাসবেন সবাই, সেটাই স্বাভাবিক। তবে তাঁর কলকাতা সতীর্থ ব্রেন্ডন ম্যাককালাম যেন ছাড়িয়ে গেলেন সবাইকে। কিউই অধিনায়কের কাছে ক্যালিস সর্বকালের সেরাদেরই একজন, ‘আমি বলব, সে সম্ভবত সর্বকালের সেরা পাঁচ ক্রিকেটারেরই একজন।’ক্রিকেটের সর্বোচ্চ পর্যায়ে এত লম্বা সময় ধরে ধারাবাহিক পারফর্ম করে যাওয়াটা অবিশ্বাস্য। বয়স হয়ে গেছে ৩৭, এখনো এতটা প্রাণশক্তি পান কোত্থেকে? সাফল্যের ক্ষুধাটাই ক্যালিসকে চালিয়ে নিয়ে যাচ্ছে, ‘জীবনে অনেক সাফল্য পেয়েছি, তবে আমি এখনো ক্ষুধার্ত; আমি এখনো এটা উপভোগ করছি, খেলাটা থেকে এখনো অনেক কিছু পাওয়া সম্ভব। যত দিন পর্যন্ত সকালে ঘুম থেকে উঠে খেলতে মন চাইবে, দলকে সাফল্য এনে দিতে মন চাইবে, শরীরটা ঠিক থাকলে তত দিন আমি খেলাটা চালিয়ে যাবই।’বিশ্ব ক্রিকেটও চায়, অলরাউন্ডার শব্দটির সমার্থক হয়ে যাওয়া ক্যালিস খেলাটা চালিয়ে যান। কিন্তু দুই বছর পরের বিশ্বকাপ পর্যন্ত কি থাকবেন ক্যালিস? পারবেন টেন্ডুলকারের মতো অধরা বিশ্বকাপটা জিততে? তখন বয়স হয়ে যাবে ৩৯। তবে এটা সত্যি, এখনো তাঁর খেলাটা আক্রান্ত নয় বয়সের মালিন্যে। ওয়েবসাইট।